বাংলাদেশে খাদ্য সংরক্ষণে আণবিক শক্তি সংস্থা সহায়তা দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের খাদ্য সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আগ্রহ দেখিয়েছে। খাদ্যগুদামে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পোকা-মাকড় থেকে খাদ্যশস্য রক্ষায় তারা কাজ করতে তাদের ইচ্ছার কথা জানিয়েছে। গতকাল রোববার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে সচিবালয়ে তাঁর অফিস কক্ষে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার উপ-মহাপরিচালক এনা মারিয়া সিটো সাক্ষাত্ করে এ আগ্রহের কথা জানান। আনা মারিয়া জানান, তাঁর সংস্থা বিভিন্ন প্রকার খাদ্য সংরক্ষণে সহায়তা করতে প্রস্তুত। পারমাণবিক পদ্ধতির প্রয়োগ ঘটিয়ে খাদ্য সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দানাদার খাদ্যশস্য ছাড়াও আলু, পেঁয়াজ, টমেটোসহ বিভিন্ন কৃষিপণ্য দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব। বাংলাদেশের খাদ্য সংরক্ষণে পারমাণবিক প্রযুক্তি প্রয়োগের বিষয়ে মন্ত্রণালয় কোনো প্রস্তাব পাঠালে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। বাংলাদেশ আণবিক শক্তি কমিশনও এ প্রযুক্তির প্রয়োগে সহায়তা দিতে সক্ষম। খাদ্যমন্ত্রী জানান, বাংলাদেশে সরকারি খাদ্যগুদামে প্রচলিত পদ্ধতিতে খাদ্যশস্য সংরক্ষণ করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার জন্য প্রতিকূলতা সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন করা প্রয়োজন। এ বিষয়ে আণবিক শক্তি সংস্থা বাংলাদেশকে সহায়তা দিতে পারে। খাদ্যগুদামে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে আগ্রহ প্রকাশের জন্য মন্ত্রী আন্তর্জাতিক সংস্থাটির উপ-মহাপরিচালককে ধন্যবাদ জানান এবং এ বিষয়ে প্রস্তাব পাঠানো হবে বলে তাঁকে অবহিত করেন।