বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠায় পশ্চিমবঙ্গে আল-কায়েদার পুস্তিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করতে চায় আল-কায়েদা—এমন এক পুস্তিকা উদ্ধার করেছেন ভারতের পশ্চিমবঙ্গের গোয়েন্দা কর্মকর্তারা। ভারতের হিন্দুস্তান টাইমস গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, পুস্তিকায় এটি আল-কায়েদার গণমাধ্যম শাখার বলে উল্লেখ থাকলেও এটি আদৌ ওই সংগঠনের কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সাত পৃষ্ঠার বাংলায় লেখা ওই পুস্তিকা গোপনে পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যে ছড়িয়ে দেওয়া হয় বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। ওই প্রতিবেদনে বলা হয়, ‘আমরা যদি এখানে (বাংলাদেশে) সিরিয়ার মতো শাসন প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আসাম ও আরাকান (মিয়ানমারের সাবেক রাখাইন রাজ্য) এবং পশ্চিমবঙ্গ থেকে মুসলিমরা এখানে হিজরত করতে পারবেন (ধর্মীয় উদ্দেশ্যে অভিবাসন)। একই সঙ্গে ভারতের পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে ভারতবিরোধী বিদ্রোহ বাড়বে।’ এতে বলা হচ্ছে, ‘এভাবে খিলাফত প্রতিষ্ঠিত হলে বিশ্বের অন্যতম প্রধান অমুসলিম দেশ ভারতের জন্য সেটা হবে বিরাট ধাক্কা।’
গত সেপ্টেম্বর মাসে আল-কায়েদা ভারত উপমহাদেশে সংগঠনটির একটি শাখা খোলার ঘোষণা দেয়।
পুস্তিকা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে গেছে বলে সন্দেহ করা হচ্ছে।
ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা এই পুস্তিকা পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘এটা আমরা শিগগিরই নয়াদিল্লিতে পাঠাব। এ নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা হওয়া দরকার।’
এই পুস্তিকার বিষয়ে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় কোনো কথা বলতে অস্বীকার করেন।