বাংলাদেশে গণতন্ত্র এখন মৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশে এখন কোনো গণতন্ত্র নেই। এখন এটি মৃত’—যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঢাকার বাসভবনে দেওয়া এ সাক্ষাৎকারে তিনি যত দ্রুত সম্ভব অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত সাক্ষাৎকারটিতে খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধভাবে ক্ষমতায় থাকা এবং একদলীয় শাসন চালু করার অভিযোগ করেন।
একের পর এক হরতাল আহ্বানের পক্ষে যুক্তি দিয়ে খালেদা জিয়া বলেন, তাঁকে ‘গৃহবন্দী’ করার পর এটাই বিএনপির হাতে থাকা একমাত্র অস্ত্র। তিনি বলেন, ‘আমরা আর কোনো কর্মসূচি করতে পারি না। এটা খুবই ভালো ও কার্যকর কর্মসূচি। কারণ, জনগণ এটি সমর্থন করে।’
বিএনপির চেয়ারপারসন বলেন, বিএনপির চার হাজার কর্মী-সমর্থক গ্রেপ্তার এবং আরও প্রায় ২০০ অপহূত ও নিখোঁজ হওয়ায় তাঁর আর কোনো উপায় নেই। ‘নিখোঁজদের’ ব্যাপারে তিনি বলেন, ‘তাঁরা কারাগারে নেই। তাঁরা পালিয়েও নেই। পুলিশ এসে তুলে নেওয়ার পর থেকে তাঁদের কোনো খোঁজ নেই।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘তিনি যত দিন ক্ষমতায় থাকবেন, তা হবে অবৈধ। তারা এ দেশকে ধ্বংস করে দিতে চেষ্টা করছে। হাসিনা ও তাঁর পরিবার এ দেশকে ধ্বংস করার চেষ্টা করছে।’
সাক্ষাৎকারে বিএনপির চেয়ার-পারসন বলেন, সরকার তাঁর দলের নেতাদের মুক্তিদান, কার্যালয় খুলে দেওয়া এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার করে নিলে তিনি আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন।
বাংলাদেশের এখন বংশানুক্রমিক রাজনীতি পরিত্যাগের সময় এসেছে কি না—এ প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, তাঁর ছেলে তারেক রহমান দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তিনি নিজেও রাজনীতিতে এসেছেন অনিচ্ছার সঙ্গে। তিনি বলেন, ‘রাজনীতি নিয়ে আমার আগ্রহ ছিল না। দলের নেতা-কর্মীরা আমাকে এ দায়িত্বে বসিয়ে দেন। তারপর কত প্রতিকূলতারই মুখোমুখি হতে হয়েছে আমাকে। জনগণ ও কর্মীরা আমাকে ভালোবাসেন।’