বাংলাদেশে গণতন্ত্র পুনরুজ্জীবিত করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংস পরিস্থিতি সম্প্রতি কিছুটা শান্ত হয়ে আসাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সমর্থন, বিশেষত গণমাধ্যম ও বিরোধীদের শান্তিপূর্ণ বিক্ষোভ-সমাবেশের সুযোগ দানসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার ও পুনরুজ্জীবিত করতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছে দেশটি। খবর ইউএনবির।
এ অনুরোধ জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র আরও বলেছে, বাংলাদেশে সহিংস রাজনৈতিক পরিস্থিতি দুর্ভাগ্যবশত দেশটির অর্থনৈতিক অগ্রযাত্রাকে ব্যাহত করছে। চরম দারিদ্র্য থেকে ছয় কোটিরও বেশি মানুষকে রক্ষায় এ অবস্থা কাটানো দরকার।
২৪ মার্চ মার্কিন কংগ্রেসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল-সম্পর্কিত পররাষ্ট্রবিষয়ক কমিটির কাছে উপস্থাপন করা এক বিবৃতিতে এসব অনুরোধ ও মন্তব্য করেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। দক্ষিণ এশিয়ায় মার্কিন ত্রাণ ও উন্নয়ন অগ্রাধিকারে পুনঃ ভারসাম্য প্রতিষ্ঠা করা নিয়ে তৈরি করা হয় এ বিবৃতি।
বিবৃতিতে নিশা দেশাই বলেন, গত সপ্তাহেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের হ্রাসকৃত সম্ভাব্য প্রবৃদ্ধির হারের জন্য রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেছে। তিনি আরও বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনীতিকে যুক্ত করতে সক্ষম এমন একটি আধুনিক, সমৃদ্ধ, মজবুত ও অন্তর্ভুক্তিমূলক দেশের মডেল হওয়ার সম্ভাবনা বাংলাদেশের রয়েছে। কিন্তু এই সম্ভাবনা জাগিয়ে তুলতে প্রয়োজন নেতিবাচক শাসনব্যবস্থা কাটিয়ে ওঠা, সেই সঙ্গে রাজনৈতিক নেতৃত্ব; যা সহিংসতার অবসান ঘটাতে ও দলবাজি রাজনীতির স্থানে জনগণের রাজনীতিকে প্রতিষ্ঠা করতে পারবে।