বাংলাদেশে গো মাংসের দাম বাড়ায় খুশি রাজনাথ

বাংলাদেশে গরুর মাংসের দাম বেড়ে যাওয়ায় খুশি হয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি দাবি করেন, এটি সীমান্তে গরু পাচার রোখার ক্ষেত্রে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাফল্যের একটা প্রমাণ।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ গতকাল শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে গরু সংরক্ষণবিষয়ক একটি সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন। ‘রাষ্ট্রীয় গো-ধন মহাসংঘ’ এই সেমিনারের আয়োজন করে।
বিবিসি বাংলা এবং হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সেমিনারে রাজনাথ সিং ‘গো-হত্যা’ বন্ধ করায় ভারতের মহারাষ্ট্র রাজ্যে সরকারের প্রশংসা করেন। তিনি বলেন, মোগল শাসকেরাও জানতেন যে গো-হত্যা সমর্থন করলে তাঁরা ভারতে বেশি দিন শাসন টিকিয়ে রাখতে পারবেন না। কিন্তু পরে ব্রিটিশরা ভারতীয় এই সংস্কৃতির প্রতি শ্রদ্ধা দেখায়নি। তাদের বিরুদ্ধে এ উপমহাদেশে প্রথম যে স্বাধীনতাসংগ্রাম শুরু হয়েছিল, সেটা ছিল তৎকালীন সেনাদের গরুর চর্বি মাখানো কার্তুজ ব্যবহারে অস্বীকৃতি।
রাজনাথ অবশ্য এও বলেছেন, বাংলাদেশের মানুষের গরুর মাংস কিনতে কষ্ট হচ্ছে বলে তিনি খুশি নন। মূলত ভারত থেকে গরু পাচার কমছে বলেই তিনি খুশি। ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি তাদের নির্বাচনী ইশতেহারে গরুকে ‘গো-ধন’ বলে বর্ণনা করে থাকে। দেশটির যেসব রাজ্য এখন বিজেপি-শাসিত, সেগুলোতে গো-মাংস নিষিদ্ধ করার জন্য নানা উদ্যোগ নিচ্ছেন তাঁরা।
বাংলাদেশ-ভারত সীমান্তে গরু চোরাচালান রোধে কড়াকড়ি আরোপের পক্ষে অবস্থান নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সেমিনারেও সেই অবস্থান পুনর্ব্যক্ত করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেদিন বাংলাদেশের হাইকমিশনার আমার সঙ্গে দেখা করতে এলে গরু পাচার নিয়ে আমরা কথা বলেছি। তখন রাষ্ট্রদূত জানান, সীমান্তে এই কড়াকড়ি শুরু হওয়ার পর সে দেশে গরুর মাংসের দাম নাকি ৫০ শতাংশ বেড়েছে। এ কথা শুনে আমি (রাজনাথ) খুশি হয়েছি।’ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক আজিজ আহমেদও সম্প্রতি ভারত সফরকালে তাঁকে একই কথা বলেছেন বলেও জানান রাজনাথ।
সেমিনারে রাজনাথ সিং আরও বলেন, ‘প্রথমবার ভারত-বাংলাদেশ সীমান্ত সফরে গিয়েই আমি জওয়ানদের বলেছিলাম আমার এই সফর তখনই সার্থক হবে, যখন সীমান্ত পেরিয়ে আর একটি গরুও বাংলাদেশে যেতে পারবে না। সেই কাজে তাঁরা দারুণ সফল হয়েছেন।’