বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় ‘বড় ধরনের ঘাটতির’ প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের প্রতি কৌশলগত সহায়তা কমিয়ে দিয়েছে যুক্তরাজ্য। তবে সহায়তা কমিয়ে দিলেও সব দলের পূর্ণ অংশগ্রহণে বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় দেশটি। এ লক্ষ্যে যেকোনো উদ্যোগে সহায়তা দিতেও যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ।
ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের সদস্য লর্লি জেইন বার্টের এক লিখিত প্রশ্নের জবাবে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন-বিষয়ক পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি ব্যারোনেস সন্দীপ ভার্মা গত সোমবার এ কথা বলেন। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও সংবাদমাধ্যমের ‘স্বাধীনতা সংকুচিত হওয়া’ প্রসঙ্গেও লিখিতভাবে প্রশ্ন তুলেছেন লর্ডসভার ওই সদস্য।
লর্ডসভার লিবারেল ডেমোক্র্যাট পার্টির সদস্য জেইন বার্ট যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন দপ্তরের (ডিএফআইডি) কাছে জানতে চান, গবেষক হানা রবার্টস পরিচালিত এক প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় ‘বড় রকমের ঘাটতি’ উঠে আসার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য কী পদক্ষেপ নিচ্ছে।
জবাবে সন্দীপ ভার্মা বলেন, ওই প্রতিবেদনের পর তাঁর দপ্তর ও অন্য দাতারা বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রতি কৌশলগত সহায়তা সীমিত করেছে। নিরপেক্ষ বিশেষজ্ঞদের সুপারিশের সঙ্গে সংগতি রেখেই এমনটি করা হয়েছে।
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও সংবাদমাধ্যমের ‘স্বাধীনতা সংকুচিত হওয়া’ নিয়ে গত ২৪ নভেম্বর ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জেইন বার্ট যুক্তরাজ্য সরকারের পদক্ষেপ জানতে চেয়ে পৃথক প্রশ্ন করেন।
জবাবে ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ দপ্তরের প্রতিমন্ত্রী জয়েস অ্যান বলেন, যুক্তরাজ্য নিবিড়ভাবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। গত বছর পাঁচজন ব্লগার ও একজন প্রকাশক হত্যার ঘটনায় ব্রিটিশ মন্ত্রীরা দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানিয়েছেন। মত প্রকাশের কারণে যাদের জীবন হুমকিতে পড়েছে, তাদের রক্ষায় বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।