বাংলাদেশে চালক ও রাইডারদের ইনস্যুরেন্স সুবিধা দেবে উবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান উবার বাংলাদেশে তাদের চালক ও যাত্রীদের বিনা মূল্যে ইনস্যুরেন্স সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে। পাইওনিয়ার ইনস্যুরেন্স উবার চালক ও রাইডারদের এ সুবিধা দেবে। আজ বুধবার উবার এ-সংক্রান্ত এক ঘোষণা দেয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে উবার কর্তৃপক্ষ জানায়, উবার মোটো (মোটরসাইকেল) এবং উবারের চার চাকার যানবাহনের সেবা গ্রহণকালে যদি কোনো দুর্ঘটনা ঘটে, উবার ব্যবহারকারী যাত্রী বা চালক মৃত্যুবরণ করেন, স্থায়ী পঙ্গুত্ব বরণ করেন অথবা হাসপাতালে চিকিৎসা নেন, তাহলে তাঁরা বিনা মূল্যে ইনস্যুরেন্স সুবিধা ভোগ করতে পারবেন।

ইনস্যুরেন্স পলিসিতে বলা হয়েছে, এই সুবিধার আওতায় দুর্ঘটনায় উবার যাত্রীর মৃত্যু হলে দুই লাখ টাকা, স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেলে সর্বোচ্চ দুই লাখ টাকা এবং হাসপাতালে চিকিৎসা নিতে হলে সর্বোচ্চ এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন। চালকের ক্ষেত্রেও একই ইনস্যুরেন্স সুবিধা পাওয়া যাবে।

এ বিষয়ে উবারের ইন্ডিয়া (নর্থ, ইস্ট, ওয়েস্ট) অ্যান্ড সাউথ এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের মহাব্যবস্থাপক প্রভজিৎ সিং বলেন, এ ঘোষণা চালক ও যাত্রীদের মধ্যে উবার ব্যবহারের অভিজ্ঞতা বাড়াতে এবং বাজারে অর্থবহ প্রভাব বিস্তারে তাঁদের চেষ্টার প্রতিফলন। বাংলাদেশে রাইড শেয়ারিং সেবার জনপ্রিয়তা বাড়ছে এবং অনেকেই এ সুবিধা গ্রহণ করছে। তাই ইনস্যুরেন্স সুবিধা এই রাইড শেয়ারিং খাতের ভবিষ্যৎকে একটি কাঠামোর ওপর দাঁড় করাতে অগ্রগামী ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তি।