ভারতের সদ্যপ্রয়াত বামপন্থী নেতা জ্যোতি বসু সারা জীবন অসাম্প্রদায়িক রাজনীতি করেছেন। গরিব মানুষের ক্ষমতায়ন করতে তিনি রাজনীতি ও ভূমি সংস্কার করেছেন। বাংলাদেশের জন্যও ছিল জ্যোতি বসুর অসামান্য টান। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করেছিলেন তিনি। পার্বত্য চট্টগ্রাম চুক্তি, গঙ্গা পানিবণ্টন চুক্তিতেও তিনি রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। বাংলাদেশের মানুষের কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।গতকাল বৃহস্পতিবার বিকেলে জ্যোতি বসুর স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে এক স্মরণসভার আয়োজন করে নাগরিক কমিটি। এ সময় বক্তারা এ কথা বলেন। স্মরণসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, বামপন্থী রাজনীতিবিদ, সমাজকর্মী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, শিক্ষাবিদেরা বক্তব্য দেন। তাঁরা জ্যোতি বসুর জীবনের নানা দিক নিয়ে আলোকপাত করেন। কেউ কেউ ব্যক্তিগত স্মৃতিচারণাও করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও গঙ্গা পানিবণ্টন চুক্তিতে জ্যোতি বসুর অবদানের কথা বারবার আলোচনায় উঠে আসে। সভাপতির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, যদি বলা হয়, জ্যোতি বসু অসাম্প্রদায়িক, তাহলে সবটুকু বলা হয় না। যদি বলা হয় তিনি বিপ্লবী, তিনি সমাজতান্ত্রিক— তাহলেও সবটুকু বলা হয় না। তিনি ছিলেন সব ধরনের সংকীর্ণতামুক্ত, আন্তর্জাতিক বিপ্লবী মানুষ। তিনি বলেন, সাধারণত বাম দলগুলোর মধ্যে দ্বৈততা থাকে। তিনি ভিন্ন ভিন্ন পথের বাম দলগুলোকে একত্র করে রেখেছেন। হাবিবুর রহমান বলেন, ‘মানুষের মত ভিন্ন হতে পারে, তার পরও আমাদের একসঙ্গে কাজ করে যেতে হবে। জ্যোতি বসুর কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে।’এলজিআরডি মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সরকার নারায়ণগঞ্জে জ্যোতি বসুর গ্রামের বাড়িতে একটি পাঠাগার করবে। তিনি বলেন, ‘অসাম্প্রদায়িক ও সাম্প্রদায়িক মানুষের মধ্যে কোনো ঐক্য হয় না। বঙ্গবন্ধু কোনো দিন গোলাম আযমের বন্ধু ছিলেন না। বাংলাদেশের দুই নেত্রীর মধ্যেও ঐক্য হতে পারে না।’ জ্যোতি বসু ভারতে সমাজতন্ত্রকে অনেক এগিয়ে নিয়েছেন। নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্রের বিপর্যয়ের পর সারা দুনিয়াতেই সমাজতন্ত্রের পতাকাকে তুলে ধরে রেখেছিলেন বলে উল্লেখ করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী বলেন, ‘তাঁর (জ্যোতি বসু) মতো নেতা কোনো দেশেই বেশি সংখ্যায় জন্মগ্রহণ করে না। রাজনীতিকে মানুষের কল্যাণের পথ দেখিয়েছেন তিনি। আমাদের ভবিষ্যত্ নেতারা যেন সে পথ দেখে চলেন।’ভাষাসৈনিক আব্দুল মতিন বলেন, ‘আমরা প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত যেন মানুষের সেবা করি। মানুষকে কী করে বাঁচানো যায়, আমাদের সেই সংগ্রাম করে যেতে হবে। এই সংগ্রামের জন্যই জ্যোতি বসুর জীবন সার্থক হয়েছে।’শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, জ্যোতি বসু অনেক নির্যাতন সয়েছেন, জেলও খেটেছেন, কিন্তু কখনো তাঁর আন্দোলন থেকে সরে দাঁড়াননি। শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী বলেন, বছর তিনেক আগে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে জ্যোতি বসুকে একটি স্মারক দিতে তিনি পশ্চিমবঙ্গে গিয়েছিলেন। এ সময় তিনি বলেছিলেন, জনগণকে ঐক্যবদ্ধ করুন, জনগণের জন্য কাজ করুন, জনগণকে চেনার চেষ্টা করুন। এটাই ছিল তাঁর রাজনৈতিক জীবনের মূলমন্ত্র।ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) পশ্চিমবঙ্গের রাজ্য শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য অমিতাভ বসুও স্মরণসভায় বক্তব্য দেন। তিনি বলেন, ‘এ ধরনের সভা আমাদের অনুপ্রাণিত করবে। জ্যোতি বসুর শিক্ষাকে অনুসরণ করে আমরা এগিয়ে যাব।’বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন স্মরণসভায় জ্যোতি বসুর জীবনী পাঠ করেন। এতে তিনি বলেন, ‘জ্যোতি বসু প্রয়াত, কিন্তু তিনি চিরঞ্জীব। শ্রমজীবী মানুষের মুক্তিসংগ্রামের অব্যাহত কাফেলায় তিনি জীবন্ত হয়ে থাকবেন। আর বাংলাদেশের মানুষের অকৃত্রিম বন্ধু হিসেবে তিনি বেঁচে থাকবেন এ দেশের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায়।’সাংসদ মহীউদ্দীন খান আলমগীর, হাসানুল হক ইনু, আমেনা আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষক সমিতির সভাপতি খন্দকার বজলুর রহমান, বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক, সাংবাদিক ফয়েজ আহমেদ ও মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান, গণফোরাম নেতা পঙ্কজ ভট্টাচার্য, ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) নেতা হায়দার আকবর খান রনো, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী, পান্না কায়সার, আবদুস সামাদ, নারীনেত্রী আয়েশা খানম, অধ্যাপক মাহফুজা খানম প্রমুখ স্মরণসভায় বক্তব্য দেন।