বাংলাদেশে জঙ্গি সংগঠনের অস্তিত্ব নেই : স্বরাষ্ট্র প্রতিমন্ত্র্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশে জামায়াতুল মুজাহিদীনসহ (জেএমবি) কোনো জঙ্গি সংগঠনের আস্তানা বা অস্তিত্ব নেই। বাংলাদেশের অবস্থান যেকোনো ধরনের সন্ত্রাসবাদের বিপক্ষে। খবর বাসসের।
আজ শুক্রবার সকালে ভারতের অভ্যন্তরে ফুলবাড়ি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে সীমান্তের জিরো লাইনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটিতে দেশবিরোধী কিংবা প্রতিবেশী বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতের বিরুদ্ধে কাউকে কোনো রকম সন্ত্রাসী তৎপরতা চালাতে দেওয়া হবে না।
এক প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান বলেন, গণমাধ্যমে সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে বোমা তৈরির সময় দুজন নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। তারা বাংলাদেশি কি না, সে সম্পর্কে ভারত সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়িতে বিএসএফের সীমান্ত ফাঁড়ি পরিদর্শনের সময় বিএসএফের শিলিগুড়ি সেক্টরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) অখিল দীক্ষিত তাঁকে অভ্যর্থনা জানান। পঞ্চগড়-২ আসনের সাংসদ নুরুল ইসলাম, পঞ্চগড়-১ আসনের সাবেক সাংসদ মজাহারুল হক প্রধান, বিজিবির রংপুর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল লতিফুল হায়দার, বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল আকরামুল হক, পুলিশের রংপুর রেঞ্জের ভারপ্রাপ্ত উপ মহাপরিদর্শক (ডিআইজি) হুমায়ুন কবীর, পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন এবং পুলিশ সুপার আবুল কালাম আজাদ মন্ত্রীর সঙ্গে ছিলেন।