বাংলাদেশে জলদস্যুতা নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়
দেশের জলসীমায় জলদস্যুতা হয় না বলে দাবি করেছে বাংলাদেশ। এ ব্যাপারে সম্প্রতি আন্তর্জাতিক সামুদ্রিক ব্যুরোর (আইএমবি) কাছে বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছে। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পররাষ্ট্রসচিব মুহাম্মদ খুরশেদ আলম এ তথ্য জানান। অতিরিক্ত পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশে জলদস্যুতা নিয়ে যে ধরনের বক্তব্য উপস্থাপন করা হয়, সম্প্রতি আইএমবির কাছে এর প্রতিবাদ জানানো হয়েছে। কুয়ালালামভিত্তিক সংগঠনটি যথাযথ কোনো তদন্ত ছাড়াই বাংলাদেশের জলদস্যুতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। নৌবাহিনীর সাবেক এই অবসরপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘আইএমবি কখনোই কোনো ঘটনার তদন্ত করে দেখেনি। যদিও বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে তাদের বাংলাদেশে আসার অনুরোধ জানিয়েছি। চট্টগ্রামে দুটি জাহাজ সম্প্রতি জলদস্যুর কবলে পড়েছে বলে আইএমবির প্রতিবেদনে উল্লেখ করা হয়। অথচ বাস্তবে ওই জাহাজ দুটি বাংলাদেশে আসেনি। প্রতিবাদপত্রে এ বিষয়গুলো আমরা উল্লেখ করেছি।’ তিনি বলেন, ‘সোমালিয়া উপকূলে যে ধরনের জলদস্যুতা হয়, এ দেশে তা কখনো হয়নি।’খুরশেদ বলেন, ‘এ দেশের কয়েকটি ইংরেজি পত্রিকায় পাইরেসি শব্দটি ব্যবহার করা হয়। যা দেখে আইএমওসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এ দেশের সমুদ্রকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে।’