বাংলাদেশে জাতিসংঘের সাহায্য এবার প্রায় দ্বিগুণ হচ্ছে
বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কমাতে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) সাত কোটি ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। গতকাল শুক্রবার ঢাকায় ইউএনএফপিএর নির্বাহী পরিচালক বাবাটুন্ডে ওসোতিমেহিন এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।‘রূপসী বাংলা’ হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউএনএফপিএর নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশে মাতৃস্বাস্থ্য/প্রজননস্বাস্থ্য এবং নারীর প্রতি সহিংসতা রোধে সংস্থাটির সহযোগিতা অব্যাহত থাকবে। ২০১২-১৮ সময়কালে ইউএনএফপিএ বাংলাদেশের জন্য সাত কোটি ডলার সংগ্রহ করবে। এই অর্থ ব্যয় হবে জীবন রক্ষামূলক কাজে। বাবাটুন্ডে ওসোতিমেহিন উল্লেখ করেন, এর আগের ছয় বছর মেয়াদি কর্মসূচিতে বাংলাদেশ প্রায় চার কোটি ডলার পেয়েছিল।বাবাটুন্ডে তাঁর বাংলাদেশ সফরের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, মাতৃমৃত্যুর হার এখনো বেশি—বিশ্বের এমন কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ একটি। বাংলাদেশ যেন মাতৃমৃত্যুর হার কমানোর লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে সে জন্য ইউএনএফপিএ সব রকম সহযোগিতা দেবে। সংস্থাটির জন্য কৌশলগত কারণে এ দেশ খুবই গুরুত্বপূর্ণ।ইউএনএফপিএর নির্বাহী পরিচালক আরও বলেন, বাংলাদেশ মাতৃমৃত্যু, শিশুমৃত্যু এবং জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে আনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, বাংলাদেশে এখন জনসংখ্যা বৃদ্ধির হার ২ দশমিক ৫। বাংলাদেশের সঙ্গে একই সময়ে পরিবার পরিকল্পনা কর্মসূচি শুরু করা বিশ্বের অনেক দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ৫ বা তার বেশি। মাতৃমৃত্যুর হার কমাতে বাংলাদেশে ২০১৫ সাল নাগাদ তিন হাজার প্রশিক্ষিত ধাত্রী নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানান বাবাটুন্ডে। ৩১ অক্টোবর বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটি হবে উল্লেখ করে ইউএনএফপিএর এই শীর্ষ কর্মকর্তা বলেন, দারিদ্র্য, বৈষম্য, নারীদের অধিকারহীনতা এবং পরিবেশের প্রতি হুমকি নিয়ে ভাবতে হবে। বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কমাতে নারীর ক্ষমতায়ন করতে হবে। উচ্চমাধ্যমিক পর্যন্ত নারীশিক্ষা বাধ্যতামূলক হলে বাল্যবিবাহ রোধ করা যাবে, অযাচিত গর্ভধারণও এড়ানো যাবে। নারীরা শিক্ষিত ও ক্ষমতায়িত হলে পরিবার পরিকল্পনা কর্মসূচি সঠিকভাবে পালন করা যাবে। ইউএনএফপিএর নির্বাহী পরিচালককে সাংবাদিকেরা বাংলাদেশের জনসংখ্যা বিষয়ে জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে সরকারি পরিসংখ্যানের বৈপরীত্য নিয়ে প্রশ্ন করেন। তাঁরা ইউএনএফপিএর ১৭ কোটি সংখ্যাটি সরকারের প্রত্যাখ্যান করার কথা উল্লেখ করেন। জবাবে বাবাটুন্ডে বলেন, বাংলাদেশের আদমশুমারিতে যে ফল আসবে, সেটিই সঠিক। জনসংখ্যার ধারণা জাতিসংঘের জনসংখ্যা বিভাগ দিয়ে থাকে, ইউএনএফপিএ নয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণসচিব মো. হুমায়ুন কবীর, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রধান মোশাররফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশে ইউএনএফপিএর আবাসিক প্রতিনিধি আর্তার আরকেন প্রমুখ। বাবাটুন্ডে ওসোতিমেহিন দায়িত্ব নেওয়ার পর এই প্রথম এশিয়ার কোনো দেশে এলেন। তিনি প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন। গতকাল রাতে তিনি ঢাকা ছেড়েছেন।