প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। কারণ, তারা সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাসী।গত শুক্রবার দুর্বৃত্তদের হাতে রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে খুন হওয়া ব্লগার আহমেদ রাজীব হায়দারের বাসা থেকে বের হয়ে প্রধানমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, জামায়াত-শিবিরের রাজনীতি হচ্ছে সন্ত্রাসের এবং তারা গণতন্ত্রে বিশ্বাসী নয়। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, ‘এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা সবারই জানা। এই হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না—এটাই আমাদের প্রতিজ্ঞা।’প্রধানমন্ত্রী বেলা সাড়ে তিনটার দিকে রাজীবের পল্লবীর বাড়িতে পৌঁছান। সেখানে তিনি ২৫ মিনিট অবস্থান করেন। তিনি রাজীবের মাসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সান্ত্বনা দেন। রাজীব একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে শাহবাগের চলমান আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন।রাজীবের বাড়ি থেকে বের হয়ে প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জামায়াত-শিবিরের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে দেশবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি শাহবাগের প্রতিবাদী তরুণদের পাশে দাঁড়ানোর জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, শাহবাগের আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর সরকার সার্বিক পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, ১৯৭১ সালের পর এ তরুণ প্রজন্ম পুরো জাতিকে জাগিয়ে তুলতে সক্ষম হয়েছে। এই তরুণেরা যখন গোটা জাতিকে জাগিয়ে তুলতে এবং ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছে, তখনই রাজীব হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।শেখ হাসিনা বলেন, ‘আমরা শাহবাগের বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি। তারা জামায়াত-শিবিরের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য দাবি উত্থাপন করেছে।’রাজধানীর পল্লবীতে পলাশনগরে বাড়ির কাছেই গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ৩০ বছর বয়সী স্থপতি রাজীবকে নৃশংসভাবে হত্যা করে।