লাখো শহীদের রক্তে আর মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীর রাজনীতি করার কোনো অধিকার নেই। অবিলম্বে সংবিধান সংশোধন করে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তা না হলে অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে পড়বে।গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ‘সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগ, চট্টগ্রাম’-এর আয়োজনে এই মানববন্ধন ও সমাবেশ করা হয়।জামায়াতে ইসলামীসহ সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধীদের বিচার অবিলম্বে সম্পন্ন করে শাস্তি কার্যকর করাসহ পাঁচ দফা দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।সমাবেশে পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃত করা হয়েছিল বলেই তরুণ সমাজের একটি অংশ আজ ইসলামী ছাত্রশিবির করে আসছে। জামায়াতে ইসলামী স্বাধীন বাংলাদেশকে স্বীকার করে না। তারা স্মৃতিসৌধে যায় না। বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার তাদের নেই।পুলিশের অস্ত্র কেড়ে নেওয়া রাষ্ট্রদোহের শামিল উল্লেখ করে সিরাজুল ইসলাম বলেন, রাজপথে প্রকাশ্যে পুলিশের অস্ত্র কেড়ে নেওয়া জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা উচিত। হরতালে দেশের মানুষের জানমালের ক্ষতি করে তারা দুঃখ প্রকাশ করে না। সংবিধান সংশোধনের মাধ্যমে বাহাত্তরের সংবিধান পুনর্বহাল করে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।সমাবেশে নারীনেত্রী নূরজাহান খান বলেন, ‘জামায়াত শুধু স্বাধীনতার বিরোধিতাই করেনি, তারা হত্যাযজ্ঞও চালিয়েছিল। বাংলাদেশের চেতনার বিরোধীরা কী করে ৪১ বছর ধরে রাজনীতি করে?’চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল বলেন, বাংলার আলো-বাতাসে যুদ্ধাপরাধীদের কোনো অধিকার থাকতে পারে না। অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার করে রায় কার্যকর করতে হবে।চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার বলেন, বাঙালি যতবার ঐক্যবদ্ধ হয়েছে, ততবারই বিজয় ছিনিয়ে এনেছে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বাংলাদেশ এখন ঐক্যবদ্ধ।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির নেতা অধ্যাপক অশোক সাহা, সাংবাদিক এম নাসিরুল হক ও হাসান ফেরদৌস, ওয়ার্ড কাউন্সিলর রেহানা কবির, গিয়াস উদ্দিন, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, সংগঠনের আহ্বায়ক শরীফ চৌহান ও রুবেল দাস। সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শ্যামল ধর ও ইউসুফ সোহেল। মানববন্ধনে সংহতি প্রকাশ করে ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, বাসদ, প্রমা আবৃত্তি সংগঠন, বোধন, পরিবেশ ছাত্র ফোরাম ও চট্টগ্রাম অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম। সমাবেশ শেষে একটি মিছিল নগরের জামালখান, চেরাগী পাহাড়, আন্দরকিল্লা মোড়, সিনেমা প্যালেস হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।