বাংলাদেশে ঢুকে চার শ্রমিককে বিএসএফের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বাংলাদেশের সীমানায় ঢুকে চার নির্মাণশ্রমিককে মারধর করাসহ চাতলাপুর চা-বাগানে নির্মাণাধীন শ্রমিক ছাউনি ভেঙে দিয়েছেন। গত মঙ্গলবার বিকেলে চাতলাপুর চা-বাগানের ১৯ নম্বর প্ল্যানটেশন এলাকায় এ ঘটনা ঘটে।চা-বাগানের ব্যবস্থাপক ইফতেখার অভিযোগ করেন, বাগানের ত্রিপুরা সীমান্তবর্তী ১৯ নম্বর সেকশনে ঝড়-বৃষ্টির সময় শ্রমিকদের নিরাপদ আশ্রয়ের জন্য একটি ছাউনি নির্মাণ করা হচ্ছিল। গত মঙ্গলবার বিকেল চারটার দিকে বিএসএফের সশস্ত্র একটি দল সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে ঢুকে ছাউনি নির্মাণের কাজে ব্যস্ত রাজমিস্ত্রি আমরু মিয়া (৪০), শ্রমিক রাজেন্দ্র বড়াইক (৩৫), পঞ্চম রায় (৩০) ও সুবাস বাউরীকে (৩০) মারধর করে। তারা নির্মাণাধীন ছাউনিটিও ভেঙে দেয়।আহত রাজমিস্ত্রি আমরু মিয়া জানান, তিনি ছাউনির ছাদে কাজ করছিলেন। বিএসএফের সদস্যরা তাঁকে ছাদ থেকে নামিয়ে বুট দিয়ে নির্বিচারে আঘাত করতে থাকেন। বাকি শ্রমিকদের তাঁরা পেটান। বিএসএফের মারধরে আহত এসব শ্রমিক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।শ্রীমঙ্গল ১৪ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক (অপারেশন) মেজর তৌহিদ-বিন-ইসহাক বলেন, বিএসএফ উল্টো অভিযোগ করেছে, সীমান্ত আইন লঙ্ঘন করে ১৫০ গজের ভেতরে চা-বাগানের পক্ষে ছাউনি নির্মাণ করা হচ্ছিল। এ জন্য বিএসএফ আপত্তি জানিয়েছে। বিজিবির মেজর আরও বলেন, বিএসএফ হামলা চালিয়ে নির্মাণশ্রমিকদের মারধর করেছে বা সীমান্ত এলাকায় নির্মাণকাজ করা হচ্ছে, এ বিষয়ে চা-বাগানের পক্ষে বিজিবিকে জানানো হয়নি। এখন যেহেতু অভিযোগ শুনেছেন, সেহেতু বিএসএফের আচরণের প্রতিবাদ জানাবেন।