বাংলাদেশে ঢুকে তিল কেটে নিল ভারতীয়রা
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর সীমান্তের সুতারমুখ এলাকায় ১৫ শতক জমির তিল কেটে নিয়ে গেছে ভারতীয়রা। গত শুক্রবার এ নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে তিল ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে বিএসএফ।
বিজিবির ৩৭ ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা এইচ কামরুল হাসান জানান, সীমান্তের ৩৪/৪-এস পিলারসংলগ্ন এলাকা থেকে বকচর গ্রামের আব্দুস সালামের জমির তিল কেটে নিয়ে যান ভারতের তিন নাগরিক। পরে ভারতের মুর্শিদাবাদের লালগোলা থানার রানীনগর গ্রামের নজরুল ইসলাম, মুসলিম উদ্দীন ও দৌলতপুর গ্রামের সাইদুর রহমানের বিরুদ্ধে বিজিবির বকচর সীমান্ত ফাঁড়িতে অভিযোগ করেন সালাম। পরে বিজিবির পক্ষ থেকে ঘট্নার প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয় বিএসএফকে। এ নিয়ে শুক্রবার বিজিবি ও বিএসএফের মধ্যে ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফ সদস্যরা তিল ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন।
এ ছাড়া গত শুক্রবার সদর উপজেলার বকচর সীমান্তে নির্মিত একটি পিলার অপসারণ করা হয়েছে। বিএসএফের উপস্থিতিতে বিজিবি সদস্যরা পিলারটি তুলে ফেলেন।
এ ব্যাপারে কামরুল হাসান প্রথম আলোকে জানান, ৩৪/৪-এস সীমান্তপিলারের কাছে শূন্য রেখা থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতের কয়েকজন নাগরিক কংক্রিটের একটি পিলার নির্মাণ করেন। ওই জমিটি বেআইনিভাবে দখলের জন্যই পিলার নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করছেন তাঁরা।