বাংলাদেশে তৈরি ড্যানিশ সাইকেল উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে বাঁ থেকে এশিয়ান-নরডিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হ্যানরিক বাখ, প্রধান অর্থনৈতিক কর্মকর্তা অ্যানি রোয়েস্ট ও বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মুহিত।
অনুষ্ঠানে বাঁ থেকে এশিয়ান-নরডিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হ্যানরিক বাখ, প্রধান অর্থনৈতিক কর্মকর্তা অ্যানি রোয়েস্ট ও বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মুহিত।

ডেনমার্কের এশিয়ান-নরডিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হ্যানরিক বাখ বাংলাদেশে তৈরি বি ফেয়ার সাইকেল কোপেনহেগেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মুহিতকে উপহার দিয়েছেন। গতকাল শুক্রবার কোপেনহেগেনের বাইনিনসকুলটরেন হলে বাংলাদেশ দূতাবাস আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে তিনি এ উপহার দেন। 

স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা, বেশ কয়েকজন রাষ্ট্রদূত ও কূটনীতিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দুই দেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মুহিত তাঁর বক্তৃতার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগকারী সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বাংলাদেশি তৈরি পোশাক, জাহাজ নির্মাণ, ওষুধ শিল্প, সিরামিক ও তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ডেনমার্কের বাণিজ্য বাড়ানোর সুযোগ আছে। আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের অপার সম্ভাবনা বিবেচনায় নিলে বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে ডেনমার্কের ব্যবসা প্রতিষ্ঠানগুলো লাভবান হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

পরে উপস্থিত অতিথিবৃন্দ প্রবাসী বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মাঝে বাংলাদেশে তৈরি পাটের ব্যাগে বাংলাদেশি চা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কর্নার বাংলাদেশি হস্তশিল্প, মসলিন, জামদানি, সিরামিক, জুয়েলারিসহ বিভিন্ন পণ্য প্রদর্শিত হয়।

উল্লেখ্য, ন্যায্য বাণিজ্য প্রকল্পের আওতায় ডেনমার্কের এশিয়ান-নরডিক গ্রুপ বাংলাদেশের প্রাণ-আরএফএলের সঙ্গে যৌথভাবে এ দেশে বি ফেয়ার বাইসাইকেলটির উৎপাদন শুরু করেছে। দরিদ্র শিশুদের পড়াশোনা ও খাবারের খরচ জোগাতে সাইকেল উৎপাদনের প্রকল্পটি নেওয়া হয়েছে। প্রতি বছর বাংলাদেশে ৩০ হাজার বি ফেয়ার রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।