বাংলাদেশি কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার কারণে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হচ্ছে, যা নাগরিক-সাংবাদিকদের জন্য খুবই বিপজ্জনক। ওই সব জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ও ষড়যন্ত্রকারীদের এখনো গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়নি। চলতি বছর বাংলাদেশে লেখক ও ব্লগারদের হত্যার বিষয়টি এভাবে তুলে ধরা হয়েছে আরএসএফের প্রতিবেদনে।
বাকস্বাধীনতা রক্ষায় কাজ করে যাওয়া প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারের (আরএসএফ) বার্ষিক প্রতিবেদনের বাংলাদেশ অংশে এভাবেই মূল্যায়ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে এশিয়ার সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে ভারতকে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে বিশ্বব্যাপী ১১০ জন সাংবাদিক, ২৭ জন নাগরিক সাংবাদিক (ব্লগে ও সামাজিক মাধ্যমে যাঁরা লেখেন) এবং সাতজন গণমাধ্যমের (অসাংবাদিক) কর্মী নিহত হয়েছেন। ১১০ জন সাংবাদিকের মধ্যে ৪৯ জনকে পরিকল্পিতভাবে তাঁদের করা সংবাদের জন্য ও ১৮ জনকে কর্তব্য পালনকালে হত্যা করা হয়েছে। এই ৬৭ জনসহ ২০০৫ সালের পর থেকে মোট ৭৮৭ জন সাংবাদিককে তাঁদের কাজের জন্য হত্যা করা হয়েছে। অন্যদের হত্যার কারণ অস্পষ্ট। ৫৪ জন সাংবাদিককে জিম্মি করা হয়েছে, ১৫৩ জন সাংবাদিক জেলে গেছেন।
২০১৪ সালে ৬৬ জন নিহত সাংবাদিকদের মধ্যে দুই-তৃতীয়াংশই যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে খুন হয়েছেন। তবে এ বছর শান্তিকামী দেশগুলোতেই বেশি সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ৭ জানুয়ারি ফ্রান্সের শার্লে এবদো পত্রিকার কার্যালয়ে বন্দুকধারীদের হামলায় ৮ জন সাংবাদিকসহ ১২ জন নিহত হন। শার্লে এবদোর প্রকাশক রিজ বলেন, ‘আমরা কখনোই সাংবাদিকদের যুদ্ধক্ষেত্রে পাঠাই না। তবে ৭ জানুয়ারি যুদ্ধ আমাদের কাছে চলে এসেছিল।’ সিরিয়া, ইরাক, ইয়েমেনের মতো যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতেও সাংবাদিকেরা নিহত হয়েছেন। এগুলোকে সাংবাদিকদের জন্য বিপজ্জনক স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে এশিয়ার গণমাধ্যমকর্মীদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে ভারতকে। চলতি বছরে ভারতে নয়জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। ভারতের সাংবাদিকেরা সংঘবদ্ধ অপরাধের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা উদ্ঘাটনের সাহস দেখিয়েছেন। আফগানিস্তান ও পাকিস্তানের চেয়েও এ ক্ষেত্রে ভারতকে বিপজ্জনক বলা হয়েছে।