ভারতের ত্রিপুরা রাজ্যে এখন নিষিদ্ধঘোষিত বিচ্ছিন্নতাবাদীদের কোনো আস্তানা নেই। তবে তারা এখন বাংলাদেশের বিভিন্ন এলাকায় আস্তানা গেঁড়েছে। গত সোমবার ত্রিপুরার বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার এই দাবি করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
মুখ্যমন্ত্রী মানিক আরও বলেন, রাজ্যে গত দুই বছরে বিচ্ছিন্নতাবাদী সংশ্লিষ্ট ১২টি ঘটনা ঘটে। এতে অন্তত চারজন নিহত হন। এ ছাড়া বিচ্ছিন্নতাবাদীরা ১৮ জনকে অপহরণ করে। পরে অবশ্য ১৬ জনকে ছেড়ে দেয়। তবে চলতি বছর রাজ্যে বিচ্ছিন্নতাবাদীদের কোনো তৎপরতা লক্ষ করা যায়নি। তিনি আরও বলেন, সম্প্রতি উল্লেখযোগ্যসংখ্যক বিচ্ছিন্নতাবাদী সরকারের কাছে আত্মসমর্পণ করে।
বিচ্ছিন্নতাবাদীদের সীমান্তের দুই পাড়ে যাওয়া-আসা এবং সীমান্ত অপরাধ ঠেকাতে বাংলাদেশ-ভারত সীমান্তের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরামে প্রায় চার হাজার ৯৬ কিলোমিটার এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক বলেন, ত্রিপুরায় বাংলাদেশ-ভারতের ৮৫৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আপত্তির মুখে সেখানে ১১৫ কিলোমিটারের বেশি এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ সম্ভব নয়।
বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা (এনএলএফটি) এবং অল ত্রিপুরা টাইগার ফোর্সকে (এটিটিএফ) ১৯৯৭ সালে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিষিদ্ধ ঘোষণা করে।