বাংলাদেশে দরকার সুশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সাংবিধানিকভাবেই ধর্মনিরপেক্ষ দেশ। এ দেশে ব্লাসফেমি (ধর্ম অবমাননা) আইনের দরকার নেই। বরং সুশাসন, দক্ষ নেতৃত্ব ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতির প্রয়োজন। সম্প্রতি রক্ষণশীল রাজনৈতিক দলগুলো ও ধর্মীয় নেতারা ব্লাসফেমি আইন প্রণয়নের যে দাবি জানিয়েছেন, এরও প্রয়োজন নেই। কারণ, ধর্মীয় অধিকার সুরক্ষার জন্য যথেষ্ট শক্তিশালী অনেক আইন প্রচলিত আছে।গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক গালফ নিউজের সম্পাদকীয়/ মতামত কলামে ‘বাংলাদেশ নিডস গুড গভর্ন্যান্স’ শিরোনামে এসব কথা বলা হয়। এতে আরও বলা হয়, সামাজিক গণমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ইতিমধ্যে কয়েকজন ব্লগারের বিরুদ্ধে বিচার শুরু করা হয়েছে। এ ধরনের সমস্যা মোকাবিলায় এ সময়ের মধ্যেই সাইবার অপরাধ আইন চালু করেছে সরকার। বাংলাদেশের ১৬ কোটি মানুষের ৮৭ শতাংশই মুসলিম। কিন্তু ধর্মনিরপেক্ষ এ দেশে এত দিন কোনো ধর্মীয় কিংবা সামাজিক সংকট দেখা দেয়নি। বরং বিভিন্ন ধর্মমতের মানুষ সুখে-শান্তিতে সহাবস্থান করে আসছে। সে যাই হোক, একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার শুরুর পর থেকেই সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলাসহ নানা রাজনৈতিক সহিংসতা শুরু হয়। বিচারের মুখোমুখি হওয়া মানবতাবিরোধী অপরাধীরা জামায়াতে ইসলামীর নেতা। তাঁরা ১৯৭১ সালে ধর্ম ব্যবহার করে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। এখন জামায়াতের সমর্থকেরাই ওই বিচারের বিরোধিতা করছেন। এই বিচারের প্রতি বিপুল জনসমর্থন আছে। জামায়াতের উচিত এই জনসমর্থনের প্রতি শ্রদ্ধা দেখানো। রাজনীতিবিদ ও জনগণের উচিত ভাবাদর্শের দ্বন্দ্বে না জড়িয়ে বরং দেশটির আর্থসামাজিক বিষয়-আশয়ের ওপর আলোকপাত করা।