বাংলাদেশে ধর্মনিরপেক্ষ ও মৌলবাদী শক্তির অমীমাংসিত লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্বাধীনতার সাড়ে চার দশক পরেও বাংলাদেশে ধর্মনিরপেক্ষ (সেক্যুলার) ও মৌলবাদী শক্তির মধ্যে লড়াই অমীমাংসিত রয়ে গেছে। এ লড়াই এখনো দক্ষিণ এশিয়ার দেশটিকে বিচলিত করে চলেছে। প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইম ২৬ অক্টোবরের সংখ্যায় এক প্রতিবেদনে এ কথা বলেছে।
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে চার ব্লগার ও দুই বিদেশি নাগরিক হত্যার পরিপ্রেক্ষিতে ওই বিশেষ প্রতিবেদন ছেপেছে সাময়িকীটি। এতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে উগ্রপন্থার উত্থান এবং তা ঠেকাতে সরকারের ভূমিকাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।
‘ফ্যাটাল স্পিচ: সেক্যুলার ভয়েসেস আর টার্গেটেড ফর ডেথ ইন বাংলাদেশ’ শিরোনামের এই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ধর্মনিরপেক্ষ ও মৌলবাদী শক্তির মধ্যে দ্বন্দ্বের এই গল্পের শুরু ১৯৪৭ সালে। ওই সময় ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে বের হয়ে এসে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম। মুসলমান সংখ্যাগরিষ্ঠ দুই অংশ নিয়ে পাকিস্তান গঠিত হলেও পূর্ব পাকিস্তান ছিল ভাষার ভিত্তিতে ঐক্যবদ্ধ। আর ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য যাঁরা লড়াই করেন, তাঁদের অনুপ্রেরণা ছিল ভাষার কারণে ঐক্যবদ্ধ জনগোষ্ঠীকে নিয়ে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন। তবে একটা অংশ ছিল এর বিরুদ্ধে, যাদের কাছে ধর্মই ছিল প্রথম।
ঢাকা থেকে নিখিল কুমারের লেখা ওই প্রতিবেদনে বলা হয়, স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর রাজনৈতিক দল আওয়ামী লীগ একটি ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র গঠনের পথেই ছিলেন। কিন্তু বঙ্গবন্ধু নিহত হওয়ার পর বাংলাদেশ উল্টো পথে হেঁটেছে।
প্রতিবেদনে বলা হয়, চার ব্লগার হত্যার পর প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বরে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এখন খুবই তৎপর রয়েছে। সরকার বসে নেই। কিন্তু তিনি ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ার ব্যাপারে সরকারের প্রতিশ্রুতির কথা বললেও নিহত চার ব্লগারের মতাদর্শে বিশ্বাসী অন্যদের প্রতিও কঠোর বার্তা দিয়েছেন।
ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এটাকে (ধর্মবিশ্বাসহীনতা) সমর্থন করি না। আমি এটা মানি না। কেন মানব? অবশ্যই ধর্মবিশ্বাস থাকতে হবে। কেউ যদি ভাবেন, তাঁদের কোনো ধর্ম নেই, সেটা ঠিক আছে। এটা তাঁদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি।... কিন্তু কোনো ধর্মের বিরুদ্ধে লেখা বা বলার কোনো অধিকার তাঁদের নেই।’ কারও ধর্মীয় অনুভূতিতে ব্লগারদের আঘাত হানা ঠিক নয় মন্তব্য করে তিনি বলেন, ‘আপনি যখন একটি সমাজে বাস করবেন, তখন আপনাকে অবশ্যই সামাজিক মূল্যবোধকে সম্মান দেখাতে হবে।’
প্রধানমন্ত্রীর এই অবস্থানকে আপস করে চলার মনোভাব হিসেবে দেখছেন রাজনীতি বিশ্লেষক আলী রিয়াজ। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের এই অধ্যাপকের মতে, শেখ হাসিনার ওই অবস্থান নিয়ে খেলছে ইসলামপন্থীরা। তিনি টাইম ম্যাগাজিনকে বলেন, ‘ধর্মনিরপেক্ষতার এই মূল্যবোধের ব্যাপারে আপনি আপস করতে পারেন না।’