বাংলাদেশে ধর্মীয় হানাহানি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান রয়েছে। এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান বিচারপতি এস কে সিনহা। তিনি বলেন, বিশ্বে হানাহানি হলেও বাংলাদেশে ধর্মীয় হানাহানি নেই।
‘জাতীয় মহাতীর্থ চন্দ্রনাথ ধামের সিঁড়ি-সোপান সংস্কার ও নির্মাণ এবং অবকাঠামোগত মহাপরিকল্পনার’ উদ্বোধন উপলক্ষে সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামের এন জি সাহা তীর্থযাত্রীনিবাসে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি। সীতাকুণ্ডের তীর্থ (স্রাইন) কমিটি এ সমাবেশের আয়োজন করে।
প্রধান বিচারপতি বলেন, আজকের পৃথিবীতে হানাহানি হচ্ছে। ১৯৫০ সালের পরে বিশ্বের একমাত্র দেশ, বাংলাদেশ যেখানে ধর্মীয় সহাবস্থান রয়েছে। আমরা গর্ব করতে পারি ১৯৫০ সালের পর থেকে এ দেশে কোনো ধর্মীয় হানাহানি হয়নি।
এস কে সিনহা বলেন, সীতাকুণ্ড তীর্থস্থানের তিন হাজার একর জমি বেদখল হয়ে গেছে। যেসব জমি বেদখল হয়েছে, তা উদ্ধারে বর্তমান স্রাইন কমিটি পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সুধী সমাবেশে সভাপতিত্ব করেন স্রাইন কমিটির প্রশাসক চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলম, মেজর জেনারেল দেবাশীষ ভট্টাচার্য, চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও মো. মনজুর আলম, অতিরিক্ত সচিব শ্যামাপদ দে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনবোধি ভিক্ষু, সহকারী ভারতীয় হাইকমিশনার সোমনাথ হালদার, ডিআইজি ভানু লাল দাস, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি জিতেন্দ্র প্রসাদ নাথ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া, সীতাকুণ্ড পৌরসভার নবনির্বাচিত মেয়র বদিউল আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান।