বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক জিয়া হায়দার রহমান বাংলাদেশকে ‘আ ল্যান্ড অব ডেড আইডিয়াস’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ একটি সেকেলে ধারণার দেশ। এ দেশে যখন নতুন ধারণার সৃষ্টি হয়, তখনই শুরুতে এর টুঁটি চেপে ধরা হয়। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শ্রেণি বাধায় একে বিকশিত হতে দেওয়া হয় না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মুজাফ্ফর আহমদ চৌধুরী মিলনায়তনে গতকাল বুধবার এক মতবিনিময় সভায় লেখক এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ‘নোটস অব আ নেটিভ সন’ শীর্ষক সভার আয়োজন করে। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তাহমিনা আহমেদ এতে সভাপতিত্ব করেন।
সভায় বিশেষ বক্তৃতায় বিখ্যাত ইন দ্য লাইট অব হোয়াট উই নো বইয়ের লেখক জিয়া হায়দার বলেন, মূলত এ দেশটা ক্ষমতাধরদের হাতে। অসাধারণ ক্ষমতা ও সুযোগ-সুবিধার অধিকারী কিছু মানুষ তাদের ধারণা নিম্নবিত্তদের ওপর চাপিয়ে দেয় এবং সাধারণ মানুষও ‘হ্যাঁ’ বলে তাতে সায় দেয়।
জিয়া হায়দারের মতে, মৃত মানুষের ছায়াকে পুঁজি করে দুই নারী বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য চালিয়ে যাচ্ছেন।
বিভাগের এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি বাংলাদেশের ভবিষ্যৎ ছবিতে কোনো আলো দেখতে পাচ্ছেন না এবং এ বিষয়গুলোতে সংস্কার আনা তরুণ প্রজন্মের জন্য খুব কঠিন হবে।
হায়দার তাঁর উপন্যাস থেকে পড়ে শোনান এবং তাঁর প্রকাশকদের দক্ষিণ এশিয়ার জন্য তাঁর বইয়ের সুলভ সংস্করণ বের করা ও অনুবাদ করে প্রকাশ করার পরিকল্পনার কথা বলেন।
বিভাগের শিক্ষক অধ্যাপক ফকরুল আলমের এক প্রশ্নের জবাবে হায়দার বলেন, ‘বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হলেও লন্ডনপ্রবাসী অনেক তরুণই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে না।’ তিনি মুক্তিযুদ্ধকে বর্তমানে একটি ‘রাজনৈতিক প্রতিযোগিতার বিষয়’ বলে মন্তব্য করেন।