বাংলাদেশে নরওয়ের বাণিজ্য-বিনিয়োগ বাড়বে: ডিলেক আইহান

বিকাশমান অর্থনীতি হিসেবে বাংলাদেশের বাজার অত্যন্ত আকর্ষণীয়। এ পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে নরওয়ের বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়বে। নরওয়ে মনে করে, বাংলাদেশে জ্বালানি, তথ্য প্রযুক্তি, জাহাজ নির্মাণ ও সামুদ্রিক খাতে বিনিয়োগের সম্ভাবনা আছে।
গত বুধবার নরওয়ের বাণিজ্য, শিল্প ও মৎস্য প্রতিমন্ত্রী ডিলেক আইহান প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। রাজধানীর গ্রামীণফোন সেন্টার দেওয়া সাক্ষাৎকারে তিনি দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক নিয়ে কথা বলেন।
ঢাকায় ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের যৌথ নরডিক দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ডিলেক আইহান প্রথমবারের মতো বাংলাদেশ সফর করেন।
বাংলাদেশের অর্থনীতি ও বাজার সম্পর্কে জানতে চাইলে ডিলেক আইহান বলেন, বিকাশমান অর্থনীতির বাজার হিসেবে বাংলাদেশ আকর্ষণীয়। ঢাকা সফরের সময় নরওয়ে ও বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এখানে নতুন ব্যবসার সম্ভাবনা সম্পর্কে জেনেছি। একজন সাবেক উদ্যোক্তা হিসেবে বাংলাদেশে নতুন উদ্যোগ ও নতুন ব্যবসা নিয়ে লোকজনের ভাবনা আমাকে মুগ্ধ করেছে। ইতিমধ্যেই নরওয়ের অন্যতম শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোনের মাধ্যমে এখানে বিনিয়োগ করেছে। বাংলাদেশে নরওয়ের সর্বোচ্চ বিনিয়োগ টেলিনরের। বাজার কীভাবে বিকশিত হচ্ছে সে ব্যাপারে আমাদের আগ্রহ আছে। গ্রামীণফোন জানিয়েছে তারা ভবিষ্যতেও বিনিয়োগ অব্যাহত রাখবে। বাজারের সম্ভাবনার কারণে তারা এখানে ব্যবসা নিয়ে আশাবাদী।
বাংলাদেশে কোন কোন খাতে বিনিয়োগের আগ্রহ আছে জানতে চাইলে নরওয়ের বাণিজ্য প্রতিমন্ত্রী জ্বালানি, তথ্য প্রযুক্তি, জাহাজ নির্মাণ ও সামুদ্রিক খাতের কথা উল্লেখ করেন।
এ খাতগুলোতে বিনিয়োগের জন্য নরওয়ে সরকার কোন পদক্ষেপ নেবে কি না জানতে চাইলে ডিলেক আইহান বলেন, কোথায় বিনিয়োগের সুযোগ আছে সেটা উদ্যোক্তারাই ঠিক করবেন। বাংলাদেশ যে আকর্ষণীয় একটি বাজার সেটি নরওয়ে ফিরে গিয়ে ব্যবসায়ীদের জানাব। বাংলাদেশে এসে তাদের বিনিয়োগের সুযোগ যাচাই করতে বলব। আমি তাদের এখানে আসতে উদ্বুদ্ধ করব।
তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা প্রসঙ্গে জানতে চাইলে ডিলেক আইহান বলেন, এখানকার রাজনীতিবিদদের ডিজিটাল এজেন্ডা নিয়ে মহাপরিকল্পনা আছে। ডিজিটাল বাংলাদেশ প্রকল্প সাত বছরের বেশি সময় ধরে চলে যার ফলও দেখা যাচ্ছে। গ্রামীণফোনের কর্মকর্তারা জানিয়েছেন, এ বছরের জুনের মধ্যে সারা বাংলাদেশকে তারা থ্রি-জি সেবার আওতায় আনছেন। আমি মনে করি পৃথিবী হাতে গোনা কয়েকটি দেশের সব জায়গায় ইন্টারনেটের সেবা বিস্তৃত। খুব কম দামে গ্রামীণফোন বাংলাদেশে ইন্টারনেটের সেবা দিচ্ছে। বাংলাদেশের মানুষ নিজেদের জন্য এবং ব্যবসার জন্য বিপুল সুযোগ তৈরি করছেন।
ডিলেক আইহান বলেন, বাংলাদেশে ডিজিটাল অর্থনীতির বিকাশে গ্রামীণফোনের যুক্ত হওয়ার পরিকল্পনার কথা জেনেছে। এখানে অংশীদারত্বের মাধ্যমে নরওয়ে অবদান রাখতে পারে।
নরওয়ের বাণিজ্য প্রতিমন্ত্রী মনে করেন, দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ আরও জোরদার হওয়া উচিত। ভবিষ্যতে বিনিয়োগের ভালো উদ্যোগের মধ্য দিয়ে এটা হবে। যৌথ নরডিক দূতাবাসের মাধ্যমে সম্পর্ক আরও জোরদার হবে।
ডিলেক আইহান বলেন, বাংলাদেশে প্রতি বছর ছয় থেকে সাত শতাংশ হারে প্রবৃদ্ধি হচ্ছে। ইউরোপের অনেক দেশে এই হারে প্রবৃদ্ধি হয় না। এতে স্পষ্ট যে উন্নয়নের পথে আছে বাংলাদেশ।