বাংলাদেশে নাগরিক অধিকার অবদমিত: সিভিকাস
বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার অবদমিত বলে মনে করে নাগরিক অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সিভিকাস। করোনাকালে এই অবদমনের অনেক নজির সৃষ্টি হয়েছে বলেও মনে করে সংস্থাটি। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় বৈশ্বিকভাবে ‘পিপল পাওয়ার আন্ডার অ্যাটাক ২০২০’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গভিত্তিক সংগঠনটি।
আইনমন্ত্রী আনিসুল হক এ প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছেন। তবে প্রতিবেদনটিকে ‘অত্যন্ত গ্রহণযোগ্য’ বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। আর মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান নাছিমা বেগম ‘পরে মন্তব্য করবেন’ বলে জানিয়েছেন।
১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। তার আগে এ প্রতিবেদন প্রকাশিত হলো।
বিশ্বের ১৯৬টি দেশের মানুষের নাগরিক অধিকারের অবস্থা তুলে ধরা হয়েছে এ প্রতিবেদনে। সংগঠন করা, শান্তিপূর্ণ সমাবেশ করা এবং মতপ্রকাশের স্বাধীনতা—এ তিন গুরুত্বপূর্ণ অধিকারের অবস্থাই এখানে মূল্যায়ন করা হয়। নাগরিক অধিকার কতটুকু আছে, সেই নিরিখে পাঁচটি ক্যাটাগরিতে এসব দেশকে ফেলা হয়। ক্যাটাগরি পাঁচটি হলো উন্মুক্ত, সংকীর্ণ, বাধাগ্রস্ত, অবদমিত ও বন্ধ। বাংলাদেশ সর্বশেষের আগের, অর্থাৎ ‘অবদমিত’ ক্যাটাগরিতে পড়েছে। অবশ্য নাগরিক অধিকার পাওয়ার ক্ষেত্রে কিন্তু বিশ্বের খুব কম দেশের মানুষই স্বস্তিতে আছে। চলতি বছর ৪৩ দশমিক ৪ শতাংশ মানুষ ‘অবদমিত’ দেশের নাগরিক। যেসব দেশে নাগরিক অধিকার ‘বাধাগ্রস্ত’ এমন মানুষের সংখ্যা প্রায় ১৬ শতাংশ। বিশ্বের মাত্র ১২ দশমিক ৭ শতাংশ মানুষ সেসব দেশে থাকে, যেখানে অধিকার উন্মুক্ত বা সংকীর্ণ। কিন্তু এর আগের বছর এ সংখ্যা ছিল ১৭ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ করোনাকালে কমেছে নাগরিক অধিকারের ক্ষেত্র।
সিভিকাসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ, কম্বোডিয়া, চীন, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও থাইল্যান্ডে শান্তিপূর্ণ সমাবেশে অংশগ্রহণকারীদের ওপর জোর প্রয়োগের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
‘আমরা মিথ্যা প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিই। এটা যে কেউ করবে। দেশের টেলিভিশন টক শোগুলোতে সরকারের সমালোচনা হয়। কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার নজির নেই।’আনিসুল হক, আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক অবশ্য এ প্রতিবেদনকে ‘অগ্রহণযোগ্য, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে নাগরিক অধিকার সমুন্নত আছে। এ প্রতিবেদনের বক্তব্য মোটেও গ্রহণযোগ্য নয়। এটা দেশের মানুষও মানবে না। যেসব দেশে গণতন্ত্র বিকশিত হয়েছে, তাদের চেয়েও বাংলাদেশে নাগরিক অধিকার বেশি।’
চলতি বছর বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনকে সমালোচনা ও করোনা–সংক্রান্ত বিষয়ে প্রচার নিয়ন্ত্রণ আনতে ব্যবহার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ক্ষেত্রে নেত্র নিউজের প্রচার দেশে বন্ধ করে দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয় প্রতিবেদনে।
বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ব্যাপকভাবে সংকুচিত হয়ে গেছে। মানুষ মনের কথা বলতে পারছে না। ভিন্নমতকে সাংঘাতিকভাবে রুদ্ধ করা হচ্ছে। যার জন্য রাজনীতি বলতে শুধু একদলীয় রাজনীতিকেই বোঝানো হচ্ছে।মিজানুর রহমান, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান
ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার নিয়ে আইনমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা মিথ্যা প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিই। এটা যে কেউ করবে। দেশের টেলিভিশন টক শোগুলোতে সরকারের সমালোচনা হয়। কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার নজির নেই।’
তবে মানবাধিকার কর্মী নূর খান মনে করেন, সিভিকাস যেভাবে বাংলাদেশের নাগরিক অধিকারকে অবদমিত বলে মূল্যায়ন করেছে, এর সঙ্গে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই।
নূর খান মনে করেন, করোনকালে নাগরিক অধিকার আরও ক্ষুণ্ন হয়েছে। এ সময় কমেনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। করোনাকালে সরকারি কোনো তৎপরতা নিয়ে প্রশ্ন উঠলে তা অবদমন করা হয়েছে।
নূর খান বলেন, করোনাকালে ডিজিটাল নিরাপত্তা আইনের সর্বোচ্চ ব্যবহার হয়েছে। এর শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ।
সিভিকাসের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের সরকার গুরুত্বপূর্ণ তথ্যের প্রচারে বাধা দেওয়ার জন্য ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমের সুযোগ বন্ধ করে দেওয়ার মতো উপায় বেছে নেয়। বাংলাদেশসহ চাদ, ইথিওপিয়া, ভারত ও ফিলিস্তিনে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিবেদনে শাসক দল আওয়ামী লীগের কর্মীদের হাতে সাংবাদিকদের হেনস্তা ও নিপীড়নের শিকার হওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়। আর এসব ঘটনা ঘটিয়েও অপরাধীরা শাস্তি পায়নি বলে এখানে বলা হয়।
মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ব্যাপকভাবে সংকুচিত হয়ে গেছে। মানুষ মনের কথা বলতে পারছে না। ভিন্নমতকে সাংঘাতিকভাবে রুদ্ধ করা হচ্ছে। যার জন্য রাজনীতি বলতে শুধু একদলীয় রাজনীতিকেই বোঝানো হচ্ছে।
ইউরোপের দেশগুলোতে বাংলাদেশ যে বাণিজ্যসুবিধা পায়, তা ধরে রাখার শর্ত হিসেবে মানবাধিকার যুক্ত হতে যাচ্ছে বলে সম্প্রতি খবর বেরিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেওয়া অগ্রাধিকারমূলক বাজারসুবিধা বা জিএসপির (জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স) কারণে সেখানকার বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশ সহজ হয়েছে। বিশেষ করে তৈরি পোশাকশিল্পের। বাংলাদেশকে ইইউর দেওয়া এ সুবিধা ২০২৩ সালে শেষ হতে যাচ্ছে। ২০২৩ সালের পর জিএসপি নবায়ন করতে হলে বাংলাদেশকে অবশ্যই মানবাধিকারের বিষয়টি নিশ্চিত করতে হবে।
ইউরোপীয় ইউনিয়নের এ অবস্থান হঠাৎ করে হয়নি বলেই মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক মিজানুর রহমান। তিনি বলেন, এখনো সরকারের হাতে এ অবস্থা থেকে উত্তরণের সময় আছে।
সিভিকাসের প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে থেকে। গতকাল বিকেলে তাঁর সঙ্গে কথা বললে এ বিষয়ে পরদিন যোগাযোগ করতে বলেন।