বাংলাদেশে নাগরিক সমাজের সুযোগ সংকোচন নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে প্রশ্ন
বাংলাদেশে নাগরিক সমাজের কথা বলার সুযোগ সীমিত হয়ে আসার বিষয়ে প্রশ্ন উঠেছে ব্রিটিশ পার্লামেন্টে। যুক্তরাজ্যের অন্যতম সাহায্য গ্রহীতা দেশ হিসেবে বাংলাদেশকে এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশটির বৈদেশিক উন্নয়ন দপ্তর (ডিএফআইডি) কী ভূমিকা রাখতে পারে—সেই বিষয়ে জানতে চেয়েছেন দেশটির সরকারদলীয় এক এমপি।
গত বুধবার (১৬ মার্চ) ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অব কমন্সের নিয়মিত অধিবেশনে এমন প্রশ্ন তোলেন ক্ষমতাসীন কনজারভেটিভ দলের এমপি ফায়োনা ব্রুস। এ সময় অধিবেশনে ডিএফআইডির কার্যক্রম নিয়ে জবাবদিহি করছিলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী জাস্টিন গ্রিনিং। সরাসরি প্রশ্নে ফায়োনা ব্রুস যুক্তরাজ্যের বৈদেশিক উন্নয়নবিষয়ক মন্ত্রীর উদ্দেশে বলেন, যুক্তরাজ্য যে বৈদেশিক সাহায্য প্রদান করে তার উল্লেখযোগ্য একটি অংশ পায় বাংলাদেশ। অথচ গত সপ্তাহেও কনজারভেটিভ দলীয় মানবাধিকার কমিশন জানতে পেরেছে যে দেশটিতে নাগরিক সমাজের সুযোগ দিন দিন সংকুচিত হচ্ছে এবং এ নিয়ে চরম উদ্বেগ বিরাজ করছে। তিনি জানতে চান, এ পরিস্থিতি থেকে উত্তরণে বৈদেশিক উন্নয়ন দপ্তরের মন্ত্রী কী ভূমিকা রাখতে পারেন।
জবাবে মন্ত্রী জাস্টিন গ্রিনিং বলেন, ‘আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে ডিএফআইডির ও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্য দাতারাও বাংলাদেশে নাগরিক সমাজের সুযোগ সংকোচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ সরকারকে এসব উদ্বেগের কথা জানানো হয়েছে।’ কনজারভেটিভ দলীয় এমপি ফায়োনা ব্রুসের সভাপতিত্বে ওই সভায় বেশ কয়েকজন কনজারভেটিভ দলীয় এমপি উপস্থিত ছিলেন।