ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী ও শীর্ষস্থানীয় মানবাধিকারকর্মী চেরি ব্লেয়ার বলেছেন, বাংলাদেশে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন নারীর ক্ষমতায়নে অবদান রাখছে। এ বিশ্ববিদ্যালয়ের নেওয়া উদ্যোগে তাঁর মধ্যে ইতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে।গতকাল রোববার প্রথম আলো ও ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাত্কারে চেরি ব্লেয়ার এ কথা বলেন। তিনি বলেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষকেরা নিবেদিতপ্রাণ। তাঁরা শিক্ষার্থীদের বিশ্লেষণমূলক ও অনুসন্ধানী দক্ষতা বাড়ানোর চেষ্টা করছেন। এই ছাত্রীরাই হবেন আগামী দিনের নেতা। তিনি বলেন, ‘চট্টগ্রামে আসতে পেরে আমি আনন্দিত।’এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ‘চেরি ব্লেয়ার ফেলোশিপ’ চালু করতে চেরি বাংলাদেশে এসেছেন।বাংলাদেশে নারীশিক্ষার জন্য গৃহীত উদ্যোগে খুশি জানিয়ে চেরি ব্লেয়ার বলেন, শিক্ষা অর্থনৈতিক ক্ষমতায়নে সহযোগিতা করে এবং পরিবারে নারীর মর্যাদা বাড়ায়। তাঁর মন্তব্য, যখন তাঁরা (নারী) পরিবারকে আর্থিকভাবে সহায়তা করেন, তখন পরিবারে তাঁদের অবস্থান বদলে যায়।চেরি ব্লেয়ার বলেন, এটা একটা ভালো বিষয় যে বাংলাদেশে নারীনেত্রীরা রয়েছেন। এর মাধ্যমে বোঝা যায়, এখানকার সমাজে নারীর ক্ষমতায়নে অনুকূল পরিবেশ বিরাজমান। তিনি আরও বলেন, কোনো সমাজই লিঙ্গবৈষম্যের অবসান ঘটাতে পারেনি। এ ক্ষেত্রে নারীনেতৃত্ব ও নারীশিক্ষার জন্য বেশি নম্বর পাবে বাংলাদেশ। উদাহরণস্বরূপ, এখানে নারীরা উচ্চতর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা পাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।নারীশিক্ষার মাধ্যমে কীভাবে বিশুদ্ধ পানি ব্যবহার, শিশুদের প্রতিষেধক প্রদান, শিশুমৃত্যুর হার হ্রাস ও সমাজের উন্নয়ন ঘটানো যায়, তার বর্ণনা দেন চেরি ব্লেয়ার। তিনি বলেন, ‘তবে এখনো অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে বৈষম্যের দিকে নজর দিলে আপনি নারী ও পুরুষের মধ্যে বিরাট ব্যবধান দেখতে পাবেন।’চেরি ব্লেয়ার বলেন, এটা উত্সাহজনক যে কয়েকটি পশ্চাত্পদ দেশে অনেক নারীনেত্রী রয়েছেন। উদাহরণস্বরূপ, রুয়ান্ডায় এখন বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বেশিসংখ্যক নারী আইনপ্রণেতা রয়েছেন। গণহত্যায় বেশির ভাগ পুরুষ নিহত হওয়ায় সেখানে নারীরাই নেতৃত্বের শীর্ষস্থানে উঠে এসেছেন।এ প্রসঙ্গে চেরি ব্লেয়ার বলেন, ‘ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করতে পেরে আমি আনন্দিত।’ তিনি বলেন, ‘তাঁকে (শেখ হাসিনা) হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল এবং জাতিকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনি অত্যন্ত দক্ষ বলে মনে হচ্ছিল। তাঁর সঙ্গে সাক্ষাত্ করে আমি ব্যক্তিগতভাবে আনন্দ পেয়েছি এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশ গণতন্ত্রে ফিরেছে।’এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে যে অভিজ্ঞতা হয়েছে, সে কথা স্মরণ করে আইনজীবী ও মানবাধিকারনেত্রী চেরি ব্লেয়ার জানান, আফগানিস্তান থেকে আসা শিক্ষার্থীদের সঙ্গে তিনি কথা বলেছেন। এমন একটি দেশ থেকে কীভাবে তাঁরা এই পর্যায়ে এলেন, সে ব্যাপারে তিনি জানতে চান ছাত্রীদের কাছে, যে দেশে নারীশিক্ষা একটি বিতর্কিত বিষয়। এই নারীরা এখন সক্ষমতা অর্জন করছেন এবং নিজেদের প্রকাশ করতে পারছেন। তাঁরা তাঁদের মনকে উন্মুক্ত করতে শিখেছেন এবং চিন্তাশীল বিষয়ে জড়িত হতে পারছেন। তিনি বলেন, আনন্দের ব্যাপার হলো, এই নারীরা ভিন্ন পরিবেশ ও পরিবার থেকে এসেছেন। যেসব পরিবার তাদের শিশুদের শিক্ষার ব্যয় বহন করতে পারে না, তারা এখানে বহু সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিচ্ছে।