বাংলাদেশে নারীরা নিজেকে অবহেলা করেন: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে সাংসদেরা চিকিৎসকদের সঙ্গে কাজ করবেন। গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) আয়োজিত ইন্টারন্যাশনাল কংগ্রেস অন ব্রেস্ট ডিজিজেসের প্রথম দিনের অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ কথা বলেন।
অ্যাসোসিয়েশন অব ব্রেস্ট সার্জনস অব বাংলাদেশ আয়োজিত সম্মেলনে শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশে নারীরা পরিবারের সব সদস্যের যত্ন নেন। কিন্তু নিজের প্রতি অবহেলা করেন। বিভিন্ন রোগ সম্পর্কে তাঁদের কাছে সব সময় পর্যাপ্ত তথ্য থাকে না। এ ক্ষেত্রে সার্জনদের সঙ্গে দল বেঁধে সাংসদেরা কাজ করতে পারেন। নারীরা কোথায় গেলে চিকিৎসাসেবা পাবেন, তাঁদের রোগের কোনো আশঙ্কা বা লক্ষণ আছে কি না, এ ব্যাপারে তাঁরা (সাংসদ) তথ্য দিতে পারেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাংলাদেশ ছোঁয়াচে রোগ নিয়ন্ত্রণে সফলতা দেখিয়েছে। ক্যানসারের মতো অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে হাসপাতালগুলোয় এখনো পর্যাপ্ত সেবা নেই। স্তন ক্যানসারের চিকিৎসায় সেবা দিতে বিএসএমএমইউ প্রস্তুত আছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান।
দুই দিনব্যাপী সম্মেলনে যুক্তরাজ্য, ভারত ও ওমানের শল্যচিকিৎসকেরা অংশ নিচ্ছেন। অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ বলেছেন, চিকিৎসকেরা অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। এতে করে রোগীরা উপকৃত হবেন।