বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে ইইউর প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেন-বাংলাদেশ সর্বদলীয় পার্লামেন্টারি কমিটির চেয়ার কনজারভেটিভ পার্টির অ্যান মেইন এমপি বাংলাদেশের আসন্ন নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের প্রতি পর্যবেক্ষক দল পাঠানোর আহ্বান জানিয়েছেন।
সদ্য সমাপ্ত ইউরোপীয় সরকারপ্রধানদের বৈঠক সম্পর্কে গত সোমবার হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন একটি বিবৃতি দেন। এ সময় অ্যান মেইন প্রধানমন্ত্রীর কাছে জানতে চান বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণমূলক করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের ওই বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না। তিনি বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী ক্যামেরন জানান, বৈঠকে বাংলাদেশের নির্বাচন বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন এই নির্বাচনে কী ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী পরে জানাবেন।
এদিকে, গত সোমবার ব্রিটিশ পার্লামেন্টের পোর্টক্লিউস হাউসের একটি কমিটি কক্ষে মানবাধিকার সংগঠন নিউ হোপ আয়োজিত ‘ভায়োলেশন অব হিউম্যান রাইটস ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। নিউ হোপ চেয়ারম্যান ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অ্যান মেইনসহ বেশ কয়েকজন এমপি বলেন, গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ব্রিটেন। তাঁরা বলেন, সব দলের অংশগ্রহণ ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
অ্যান মেইন বলেন, গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশের জনগণের সদিচ্ছাকে গুরুত্ব দেওয়া জরুরি। বাংলাদেশের অধিকাংশ মানুষ যে পদ্ধতিতে নির্বাচন চায়, সে পদ্ধতি অনুসরণ করা উচিত।