অধ্যাপক মুজাফ্ফর আহমদ চৌধুরী স্মারক বক্তৃতায় গতকাল সোমবার রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে আসতে গেলে বাংলাদেশের নির্বাচনী গণতন্ত্রের গণতন্ত্রায়ণ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফ্ফর আহমদ চৌধুরী মিলনায়তনে এ স্মারক বক্তৃতার আয়োজন করে।
অধ্যাপক মুজাফ্ফর আহমদ চৌধুরী স্বাধীনতা-উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন। মুক্তিযুদ্ধকালে তিনি ছিলেন প্রবাসী মুজিবনগর সরকারের প্ল্যানিং সেলের প্রধান। এ ছাড়া বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেন।
‘দ্য স্টেট অব ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ (বাংলাদেশে গণতন্ত্রের অবস্থা) শীর্ষক এই স্মারক বক্তৃতায় রওনক জাহান বলেন, জিয়াউর রহমান এবং এইচ এম এরশাদের ১৫ বছরের সামরিক শাসনকালে বেশ কয়েকটি অগণতান্ত্রিক চর্চা শুরু হয়, যা ১৯৯০ সালে নির্বাচনী গণতন্ত্রে উত্তরণের পরবর্তী সময়েও বলবৎ রয়েছে। জিয়া ও এরশাদের আমলে একগুচ্ছ নির্বাচন অনুষ্ঠান হয়েছে, কিন্তু এর প্রতিটিই বিশ্বাসযোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে। ওই সময়ে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রবর্তন হয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে নব্বইয়ের পর নির্বাচনী গণতন্ত্রের পরও তা অব্যাহত রয়েছে।
১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখা যায়, যা পরবর্তী সময়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগের দাবিকে জোরালো করে। ২০১৪ সালের ৫ জানুয়ারি এমনই আরেকটি নির্বাচন দেখা গেল, যাতে প্রধান বিরোধী দল অনুপস্থিত ছিল এবং অপ্রতিদ্বন্দ্বী অবস্থায় বেশির ভাগ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
এ অবস্থা থেকে উত্তরণের উপায় কী—এমন প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে অধ্যাপক রওনক জাহান বলেন, ‘এক কথায় বলতে গেলে আমি বলব, বাংলাদেশের নির্বাচনী গণতন্ত্রের গণতন্ত্রায়ণ করতে হবে।’
গত তিন দশকে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ার একটি সারসংক্ষেপ তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো রওনক জাহান আরও বলেন, গত দুই-আড়াই বছরে বাংলাদেশের সহিংস ও ধ্বংসাত্মক রাজনীতির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের নাগরিকেরা। সহিংসতার রাজনীতি তাদের জানমালের ক্ষয়ক্ষতি করেছে। এমন একটি নির্বাচন হয়েছে, যেখানে তাঁরা ভোট দিয়ে সাংসদ নির্বাচন করতে পারেননি। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে গণতন্ত্রের চর্চা করতে হবে। দিনের পর দিন দলগুলোতে কাউন্সিল হয় না। অন্য দলের চেয়ে আওয়ামী লীগের কাউন্সিল বেশি হয়, কিন্তু সেগুলো লোকদেখানোর জন্য। কণ্ঠভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেখানে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে যান।
দলগুলোর মধ্যে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের তাগিদ দিয়ে অধ্যাপক জাহান বলেন, প্রধান দলগুলোকে একত্র হয়ে নির্বাচনী গণতন্ত্রের কিছু সাধারণ নিয়ম প্রতিষ্ঠার জন্য ঐকমত্যে পৌঁছাতে হবে। এ জন্য দলগুলোর নেতাদের প্রধান দায়িত্ব নিতে হবে। এ ছাড়া গণমাধ্যম, সুশীল সমাজ, শিক্ষাবিদ—প্রত্যেককেই এর জন্য এগিয়ে আসতে হবে।
প্রধান অতিথি হিসেবে গতকাল স্মারক বক্তৃতার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মারক বক্তৃতায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক মুজাফ্ফর আহমদ চৌধুরীর ছেলে ইফতেখার আহমদ চৌধুরী প্রমুখ।
স্মারক বক্তৃতায় আরও উপস্থিত ছিলেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, সাবেক কূটনীতিক হুমায়ুন কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।