বাংলাদেশে নিয়ে আসা সন্তানকে ফেরত চান পাকিস্তানি মা
একমাত্র সন্তানকে নিয়ে চুপিসারে বাংলাদেশে চলে এসেছেন স্বামী। ওদিকে সন্তানকে কাছে না পেয়ে দিশেহারা মা। সন্তানকে ফিরে পেতে পাকিস্তানে সংশ্লিষ্ট নানা দপ্তরে ঘুরেছেন তিনি। কিছু না হওয়ায় শেষ পর্যন্ত তিনি আদালতের শরণাপন্ন হন।পাকিস্তানের দ্য ন্যাশন পত্রিকার খবরে বলা হয়, নিজের সন্তানকে ফিরে পেতে লাহোরের একটি আদালতে পিটিশন দাখিল করেন কাউসার সাদিক নামের ওই নারী। গত বৃহস্পতিবার প্রাথমিক শুনানি শেষে আদালত বাংলাদেশ সরকারকে চিঠি দিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।কাউসার সাদিক জানান, ২০০৬ সালে তিনি পাকিস্তানে আসা আমিনুল হক নামের এক বাংলাদেশিকে বিয়ে করেন। তাঁদের ঘরে জন্ম নেয় একটি কন্যাসন্তান। পরে আমিনুল তাঁকে না জানিয়েই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে যান। পিটিশনের শুনানি চলছে লাহোরে বিচারক তারিক মাসুদের আদালতে। শুনানিকালে কাউসার সাদিকের আইনজীবী আদালতকে বলেন, তাঁরা বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেছেন। কিন্তু দূতাবাসের কর্মকর্তারা এ বিষয়ে সাহায্য করতে অস্বীকৃতি জানান। আইনজীবীর যুক্তি উপস্থাপন শেষে শিশুটিকে উদ্ধারের ব্যাপারে আদালতের আগের আদেশ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে একজন ডেপুটি অ্যাটর্নির কাছে জানতে চান বিচারক। ওই অ্যাটর্নি আদালতকে জানান, আদালতের আদেশের ব্যাপারে সরকার এখনো কোনো পদক্ষেপ নেয়নি। এরপর আদালত আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশ সরকারকে চিঠি দিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন। ৪ জুন এ বিষয়ে আবার শুনানি হবে।