বাংলাদেশে পরিস্থিতির উন্নতি হলেই যেন স্কুল খুলে দেওয়া হয়: ইইউ কমিশনার
বাংলাদেশে করোনা পরিস্থিতির উন্নতি হলেই যেন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়, সেই প্রত্যাশা জানিয়েছেন ইউরোপীয় কমিশনের আন্তর্জাতিক অংশীদারত্ববিষয়ক কমিশনার জুটা উরপিলেইনেন।
বৃহস্পতিবার আন্তর্জাতিক যুব দিবস সামনে রেখে সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রত্যাশা জানিয়েছেন জুটা উরপিলেইনেন। ফিনল্যান্ডের সাবেক অর্থমন্ত্রী জুটা উরপিলেইনেন ২০১৯ সালে পাঁচ বছরের জন্য ইউরোপীয় কমিশনের আন্তর্জাতিক অংশীদারত্ববিষয়ক কমিশনারের দায়িত্ব নেন। তিনি যে বিষয়গুলো নিয়ে কাজ করেন তার মধ্যে অন্যতম হচ্ছে বৈশ্বিক দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নে সহায়তার জন্য অংশীদারত্ব ও ন্যায্য অংশীদারত্ব প্রতিষ্ঠা। ইউরোপীয় কমিশনের আন্তর্জাতিক সহায়তা ও উন্নয়ন নীতিমালা দেখভালের পাশাপাশি গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাসহ ইইউর মূল্যবোধ বিকাশে অংশীদারদের সঙ্গে কাজ করা তাঁর দায়িত্বের অংশ।
গত সপ্তাহে প্রথম আলোকে ই–মেইলে দেওয়া সাক্ষাৎকারে ইউরোপীয় কমিশনের এই কমিশনার বলেন, মহামারির ধকল কাটিয়ে কোভিড–পরবর্তী উন্নত বিশ্ব গড়ার লক্ষ্যে তরুণদের সৃজনশীলতাকে অবশ্যই উৎসাহিত করতে হবে। তাই তরুণ প্রজন্মের জন্য টেকসই প্রতিবেশব্যবস্থা গড়ে তোলাটা সবার লক্ষ্য হওয়া উচিত।
জুটা উরপিলেইনেন বলেন, ‘কোভিড-১৯–এর কারণে বাংলাদেশসহ সারা বিশ্বের জন্য এক চ্যালেঞ্জিং পরিবেশে পালিত হতে যাচ্ছে এবারের যুব দিবস। কারণ, মহামারি শিক্ষা কার্যক্রম বন্ধ করেছে। এতে করে তরুণদের সুযোগও সংকুচিত হয়েছে। গত বছরের মার্চ থেকে বাংলাদেশের স্কুলগুলো বন্ধ রয়েছে। আমার প্রত্যাশা থাকবে, পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে স্কুলগুলো খুলে দেওয়া হবে। শিশুরা তখন সরাসরি তাদের শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে সরাসরি ক্লাসরুমে ফিরে যাওয়ার সুযোগ পাবে।’
করোনাভাইরাসের কারণে শিক্ষা খাতের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে উঠতে কী করা উচিত, সে প্রশ্ন করা হয়েছিল জুটা উরপিলেইনেনকে। জবাবে তিনি বলেন, ‘শিক্ষা ইইউর অন্যতম অগ্রাধিকার। তাই এ খাতে আগামী সাত বছরের জন্য ইইউর বার্ষিক সহায়তা ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছি। আর বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সরাসরি বাজেট সমর্থন দিয়ে থাকে ইইউ। আমি বিশ্বাস করি, শিক্ষকদের মানোয়ন্ননে অব্যাহত বিনিয়োগ এখানকার শিক্ষার গুণগত মানের অব্যাহত উন্নয়নে ভূমিকা রাখবে। এ জন্য বাংলাদেশের জাতীয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মানোন্নয়নে ইইউ সহায়তা করছে।’
ইউরোপীয় কমিশনের কমিশনার জুটা উরপিলেইনেন বলেন, বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ডিজিটাইলাইজেশনের জন্য ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মাধ্যমে স্কিলস-২১ নামের একটি প্রকল্পে অর্থায়ন করা হচ্ছে। এই প্রকল্পে ই-ক্যাম্পাস নামের প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য প্রথমবারের মতো দূরশিক্ষণের মাধ্যমে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিনিময়ের সুযোগ তৈরি করা হয়েছে। কোভিড-১৯ চলার এই পর্বে শিক্ষকেরা অন্তত ১৭০টি অনলাইন কনটেন্ট তৈরি করেছেন।
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা নিয়েও কথা বলেছেন জুটা উরপিলেইনেন। তিনি বলেন, কোভিড-১৯–এর মতো মহামারি মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টা জরুরি। কোভ্যাক্সের মতো বৈশ্বিক উদ্যোগে ইইউ সামনের সারিতে রয়েছে। ইইউর সদস্যদেশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে কোভ্যাক্সকে ৩০০ কোটি ইউরোর বেশি সহায়তা দিয়েছে।
তিনি জানান, নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে করোনার টিকার সরবরাহ নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়ন তার অংশীদারদের নিয়ে কাজ করছে। এই প্রচেষ্টার অংশ হিসেবেই টিকা নির্মাতা প্রতিষ্ঠান ফাইজার–বায়োএনটেক, মডার্না ও জনসন অ্যান্ড জনসন এ বছরের শেষ নাগাদ নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর জন্য কোনো লাভ ছাড়াই ১৩০ কোটি ডোজ করোনার টিকা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।
ওই ১৩০ কোটি ডোজ টিকার বড় অংশই কোভ্যাক্সের আওতায় বিতরণ করা হবে। এর পাশাপাশি ইইউ দেশগুলো আগামী ডিসেম্বরের মধ্যে কমপক্ষে ১০ কোটি করোনার টিকা দরিদ্র দেশগুলোকে উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে। জুলাই মাসের শেষে অতিরিক্ত ২০ কোটি টিকা নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে বিনা মূল্যে দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।
কোভিড পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ৩০ কোটি ইউরো দেওয়া হয়েছে বলে জানান জুটা উরপিলেইনেন।