বাংলাদেশে পর্যটনের চ্যালেঞ্জ তিনটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তা, প্রযুক্তি ও টেকসই পর্যটন—এই তিনটি বাংলাদেশে পর্যটনের বিকাশের ক্ষেত্রে চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পর্যটনবিষয়ক সংস্থার সেক্রেটারি জেনারেল তালেব রেফাই। তবে তিনি বলেন, পর্যটন বিকাশের ক্ষেত্র রাজনৈতিক সদিচ্ছা রয়েছে। অবকাঠামোগত উন্নয়নও হচ্ছে। পর্যটন খাতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার এখনই সময়।
গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রামে জাতিসংঘের পর্যটনবিষয়ক সংস্থা ইউএনডব্লিউটিওর কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিএপি) এবং দ্য কমিশন ফর সাউথ এশিয়ার (সিএসএ) ২৯তম যৌথ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তালেব রেফাই এসব কথা বলেন। র্যা ডিসন ব্লু চিটাগং বে ভিউ হোটেলে তিন দিনব্যাপী এই আয়োজনের গতকাল ছিল শেষ দিন। সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ফারুক খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তালেব রেফাই বলেন, সন্ত্রাসবাদ এখন বাংলাদেশের একার সমস্যা নয়। সারা বিশ্বে এই সমস্যা রয়েছে। পৃথিবীর কোনো দেশ শতভাগ নিরাপদ নয়। তবে সমস্যাগুলো নিয়ে যৌথভাবে কাজ করা যেতে পারে।
পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, যৌথ কমিশনের বৈঠকে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা এগিয়ে নিতে কক্সবাজারে স্যুয়ারেজ প্ল্যান্ট, পর্যটনে দক্ষ জনশক্তি তৈরিতে সহযোগিতা এবং জাতিসংঘের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আবার চালুসহ পাঁচটি প্রস্তাব তুলে ধরা হয়েছে। এই বৈঠকের মাধ্যমে চট্টগ্রামকে ব্রান্ডিং করার উদ্যোগ অত্যন্ত সফল হয়েছে বলে মন্ত্রী মনে করেন।
২০১৬ সালের জুনে জাপানে এই সম্মেলনের ২৮তম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হয় চট্টগ্রামে, ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হবে ফিজিতে।