বাংলাদেশে পশ্চিমা নাগরিকদের ওপর ফের হামলার আশঙ্কা যুক্তরাজ্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে পশ্চিমা নাগরিকদের ওপর আবার হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাজ্য। এ আশঙ্কায় এ দেশে অবস্থানকারী পশ্চিমা নাগরিকদের সতর্ক করে দিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর।
ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের ওয়েবসাইটে বাংলাদেশ সম্পর্কে সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ‘সন্ত্রাসবাদের বড় ধরনের হুমকি রয়েছে এখানে। পশ্চিমাদের ওপর নতুন করে নির্বিচারে হামলা হতে পারে।’
গতকাল শুক্রবার বিকেলে পাঁচটার দিকে ইউকে-বাংলাদেশ ফেসবুক পেজে বলা হয়, বিশেষ করে যেসব অনুষ্ঠানে পশ্চিমা দেশের নাগরিকেরা সমবেত হন, সেগুলোতে যোগদানের সময় সতর্কতা অবলম্বন করতে হবে।
সম্প্রতি দুজন বিদেশি নাগরিককে গুলি করে হত্যার দায় আইএস স্বীকার করেছে বলেও ওই সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর গুলশানের কূটনৈতিক পাড়ায় ইতালীয় নাগরিক সিজার তাবেলা এবং ৩ অক্টোবর রংপুরের কাউনিয়ায় জাপানের নাগরিক কুনিও দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।
বাংলাদেশে সফরকারীদের বিশেষ সতর্কতার পরামর্শ দিয়ে ওয়েবসাইটে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রামের তিন জেলার সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, দেশের অপর অংশে যাওয়ার আগে সতর্কতা জারি করা আছে কি না, তা দেখে নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
ওই সতর্কতার শেষে বলা হয়, প্রতিবছর যুক্তরাজ্যের প্রায় ৭৫ হাজার নাগরিক বাংলাদেশ সফর করেন। তাঁদের অধিকাংশ কোনো সমস্যা ছাড়াই বাংলাদেশ সফর করেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঢাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা মনে করি না এ পরিস্থিতিতে এ রকম শঙ্কার কোনো ভিত্তি আছে। তবু বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।’