বাংলাদেশে প্রকল্পের খরচ পৃথিবীতে সর্বোচ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মুক্তিভবনের প্রগতি সম্মেলন কক্ষে আজ সোমবার ‘উন্নয়ন ও পরিবেশ: সুন্দরবন, রূপপুর এবং জ্বালানি নিরাপত্তা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা। ছবি: শরিফুল হাসান
রাজধানীর মুক্তিভবনের প্রগতি সম্মেলন কক্ষে আজ সোমবার ‘উন্নয়ন ও পরিবেশ: সুন্দরবন, রূপপুর এবং জ্বালানি নিরাপত্তা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা। ছবি: শরিফুল হাসান

বাংলাদেশের যে কোনো প্রকল্পের নির্মাণ খরচ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বলে দাবি করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ। দুর্নীতি ও কমিশনের কারণেই খরচ এত বাড়ে বলে অভিযোগ করেন তিনি।
আজ সোমবার সকালে রাজধানীর পল্টনে মুক্তিভবনের প্রগতি সম্মেলন কক্ষে ‘উন্নয়ন ও পরিবেশ: সুন্দরবন, রূপপুর এবং জ্বালানি নিরাপত্তা’ শীর্ষক আলোচনা সভায় আনু মুহাম্মদ এ কথা বলেন। রামপাল বিদ্যুৎ প্রকল্প সুন্দরবন ধ্বংস করবে উল্লেখ করে তিনি দ্রুত এই প্রকল্প বাতিল করার দাবি জানান।
আনু মুহাম্মদ বলেন, ‘সরকার একদিকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অঙ্গীকারে স্বাক্ষর করেছে, আরেকদিকে দেশের ভেতর রামপাল রূপপুরসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিচ্ছে। এর কারণ দুর্নীতি ও কমিশন বলে অভিযোগ করেন তিনি।
আনু মুহাম্মদ বলেন, ১৩ জানুয়ারি এক হাজার টন কয়লা ভরা জাহাজ ডুবেছে সুন্দরবনে। পরপর কয়েকটি কয়লাবাহী জাহাজডুবি ও উদ্ধারকাজে সরকারের ভয়ংকর গাফিলতি দেখে মনে হচ্ছে সরকার রামপাল প্রকল্পের আগেই সুন্দরবন বিনাশ কামনা করছে। তিনি বলেন, ‘রামপাল সুন্দরবন ধ্বংস করবে। রূপপুর পারমাণবিক প্রকল্পের বর্জ্য কোথায় যাবে সিদ্ধান্ত হয়নি। অথচ এই প্রকল্পে কোনো ক্ষতি হলে তাদের দায়মুক্তি দেওয়ার জন্য আইন হচ্ছে। যেহেতু এক লাখ ১৪ হাজার কোটি টাকার এই প্রকল্পের খরচের বোঝা জনগণকেই বহন করতে হবে, কাজেই জনগণকেই এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আর সুন্দরবন রক্ষায় ২৬ জানুয়ারি যে হরতাল ডাকা হয়েছে, জনগণের উচিত তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়া।

যুক্তরাষ্ট্রপ্রবাসী পদার্থবিদ্যার অধ্যাপক ও পরমাণু বিশেষজ্ঞ দ্বিপেন ভট্টাচার্য বিশ্বের বিভিন্ন অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভিজ্ঞতা বিশ্লেষণ করে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে অনেক তথ্যই এখনো স্পষ্ট নয়। অনভিজ্ঞ জনবসতিপূর্ণ এই দেশে প্রথমেই ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা খুবই ঝুঁকিপূর্ণ।

বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও জনগণের অংশগ্রহণের সমস্যা রয়েছে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ভূতত্ত্ববিদ খালেকুজ্জামান। সুন্দরবন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বে এটি অদ্বিতীয়। প্রকৃতির বিন্যাসে সুন্দরবন একটি বড় সম্পদ। রামপাল বিদ্যুৎ কেন্দ্র এর ভয়াবহ ক্ষতি করবে।’ বাংলাদেশের স্বার্থে, প্রাণ-প্রকৃতি রক্ষায় এটি দ্রুত বাতিল করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভূতত্ত্ববিদ বদরুল ইমাম বলেন, যাঁরা সরকারের কল্যাণ চান, তাঁদের উচিত প্রধানমন্ত্রীকে বলা—যেন রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল করা হয়। এই প্রকল্প করলে ইতিহাসে কালো অধ্যায় হিসেবে এই সরকারের নাম লেখা থাকবে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল করার পাশাপাশি গ্যাস অনুসন্ধানে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তিনি।

প্রকৌশলী রহমতউল্যাহ বলেন, ‘বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির বিপুল সম্ভাবনা আছে। কিছু গোষ্ঠীর স্বার্থে পরিচালিত না হলে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বাংলাদেশের জ্বালানি সংকট সমাধান করা অবশ্যই সম্ভব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিমউদ্দিন খান বলেন, আজকের সব সংকটের মূল কারণ সংকীর্ণ উন্নয়ন নীতি। সাধারণ মানুষ প্রতিবাদ না করলে যে সরকারই আসুক এমন উন্নয়ন নীতি তারা নেবেই।

সভায় আরও বক্তব্য দেন অস্ট্রেলিয়া প্রবাসী পরিবেশবিদ কামরুল আহসান খান, গবেষক স্বপন আদনান, অধ্যাপিকা মোশাহিদা সুলতানা, প্রকৌশলী মাহবুব সুমন এবং গবেষক মাহা মির্জা। উপস্থিত ছিলেন জোনায়েদ সাকী, বজলুর রশিদ ফিরোজ, আব্দুস সাত্তার, নজরুল ইসলাম প্রমুখ।

সভায় সুন্দরবনের ভেতর দিয়ে নৌপথে কয়লা, তেল ও বিষাক্ত পণ্য পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির বিশেষজ্ঞরা। এ ছাড়া রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্পসহ প্রকৃতি ধ্বংস করে এমন সব প্রকল্প বন্ধের দাবিও জানিয়েছে কমিটি।