বাংলাদেশে প্রথম মার্স করোনা রোগী শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রথমবারের মতো মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম (মার্স) করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তিনি এখন রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন৷ যুক্তরাষ্ট্রপ্রবাসী ওই ব্যক্তি (৫৩) আবুধাবি হয়ে বাংলাদেশে এসেছেন। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর) বিষয়টি নিশ্চিত করেছে।
আইইডিসিআর জানিয়েছে, আক্রান্ত ব্যক্তি নিউইয়র্ক থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি হয়ে বাংলাদেশে এসেছেন। ৬ জুন তাঁর জ্বর শুরু হয়৷ এর পর থেকে তিনি শ্বাসকেষ্ট ভুগছেন৷ হাসপাতালে ভর্তি হওয়ার পর ৯ জুন থেকে তাঁর শরীরে নানারকম পরীক্ষা-নিরীক্ষা করে আইইডিসিআরের বিজ্ঞানীরা শনিবার মার্স ভাইরাসের সংক্রমণ সম্পর্কে নিশ্চিত হন৷ এখনো নিবিড় পরিচর্যাকেন্দ্রে থাকলেও তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
আতঙ্কের কিছু নেই: আইইডিসিআর বলছে, মার্স করোনা ভাইরাসজনিত রোগটি অত্যন্ত ছোঁয়াচে। বিশ্বের বিভিন্ন স্থানে এ রোগে আক্রান্ত ব্যক্তিদের ৩০ শতাংশ মারা গেছেন। এতে খুব শ্বাসকষ্ট হয়৷ রোগটির অন্যান্য উপসর্গ ভাইরাসজনিত জ্বরের মতোই। তবে রোগটি নিয়ে আতঙ্কের কিছু নেই উল্লেখ করে আইইডিসিআর ইতিমধ্যে বলেছে, দেশের অনেক চিকিৎসককে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷
মার্স ভাইরাসের সংক্রমণ এড়াতে সাবান দিয়ে হাত ধোয়া ও হাঁচি-কাশির সময়ে রুমাল ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
আইইডিসিআরের পরিচালক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, এ রোগের কোনো প্রতিষেধক এখনো আবিষ্কৃত হয়নি। প্রথম এটি শনাক্ত হয় ২০১২ সালের এপ্রিলে মধ্যপ্রাচ্যের একটি দেশে।