বাংলাদেশে প্রথম মার্স করোনা রোগী শনাক্ত
বাংলাদেশে প্রথমবারের মতো মার্স করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর) বিষয়টি নিশ্চিত করেছে।
আইইডিসিআরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোশতাক হোসেন প্রথম আলোকে বলেন, এই ভাইরাসে আক্রান্ত রোগীদের মৃত্যুর হার ৩০ শতাংশ। এটি ছোঁয়াচে রোগ। এই রোগের উপসর্গ ইনফ্লুয়েঞ্জার মতো। এ ধরনের রোগীর চিকিত্সার সময় হাসপাতাল ও বাসায় বিশেষ ব্যবস্থা অনুসরণ করতে হয়।’
আইইডিসিআর জানিয়েছে, আক্রান্ত ব্যক্তি নিউইয়র্ক থেকে আবুধাবি হয়ে বাংলাদেশে এসেছেন। ধারণা করা হচ্ছে ওই সময়ের মধ্যে তিনি এ ভাইরাসে আক্রান্ত হন। এরপর রোগী ঢাকায় এসে বিভিন্ন চিকিত্সা প্রতিষ্ঠানে চিকিত্সা নিলেও সেরে উঠছিলেন না। পরে গবেষণাগারে তাঁর রোগটি শনাক্ত হয়। রোগী এখন প্রায় সুস্থ।
নিয়ম অনুযায়ী বাংলাদেশ বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানিয়েছে।