বাংলাদেশে গত রোববারের নির্বাচনে হেরেছে সবাই। ভোটে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। বয়কট করেছে বিরোধীরা। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, নির্বাচনে প্রকৃত ভোটারদের অংশগ্রহণ ছিল নগণ্য। নির্বাচনের ফলাফল থেকে শুধু এটা পরিষ্কার হয়েছে যে দেশটিতে চরমভাবে বিভক্ত রাজনৈতিক দলগুলোর জন্য নতুন নির্বাচন প্রয়োজন।
যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ব্লুমবার্গ-এর গতকাল মঙ্গলবারের সম্পাদকীয়তে এসব কথা লেখা হয়েছে। এতে বলা হয়, প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ ভোটের আগেই সংখ্যাগরিষ্ঠ আসনে জিতেছে। হাসিনার ছেলেই এই নির্বাচনকে ‘অর্ধপক্ব’ বলে অভিহিত করেছেন। এই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার দেশের এবং দেশের বাইরে থেকে পূর্ণ সমর্থন পাবে না।
একইভাবে নির্বাচন প্রতিহত করতে গিয়ে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিরোধী দল সাম্প্রতিক সময়ে যে সহিংস কর্মসূচি পালন করছে, তাতে তাদের গ্রহণযোগ্যতাই প্রশ্নবিদ্ধ হয়েছে। আর তাদের ইসলামপন্থী মিত্ররা আন্দোলনের নামে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের ওপর হামলা চালিয়েছে।
চলমান পরিস্থিতিতে দুই পক্ষই হুমকিতে আছে। বিএনপি মনে হয় আশা করছে, অস্থিতিশীলতা অব্যাহত থাকলে তাদের সমর্থনে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে। আর ক্ষমতাসীন দল সম্ভবত বিশ্বাস করে, পদস্থ কর্মকর্তাদের সুযোগ-সুবিধা দেওয়ায় তাদের প্রতি সেনাবাহিনী অনুগত রয়েছে। এতে করে সরকার বিরোধীদের ওপর ইচ্ছামতো দমন-পীড়ন চালাতে পারবে। উভয় পক্ষের এ আশাবাদ বা বিশ্বাস বিপজ্জনক। কেননা, সেনাবাহিনী হস্তক্ষেপ করলে তা রক্তপাতহীন বা সংক্ষিপ্ত হবে না।
ব্লুমবার্গ লিখেছে, এই অবস্থা থেকে বের হতে যে নতুন নির্বাচন দরকার, তা একান্তভাবে স্বীকার করেছেন ক্ষমতাসীন দলের নেতারাই।
হেরেছে বাংলাদেশের ভোটাররা: যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সংবাদ সাময়িকী টাইম-এ গত সোমবার প্রকাশিত একটি খবরের শিরোনাম ছিল, ‘চরম কলঙ্কিত নির্বাচনে হেরেছে বাংলাদেশের ভোটাররা’। প্রতিবেদনে বলা হয়, এই নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটেছে সামান্যই এবং বিরোধীরা আশা করছে, এমন স্বল্প সমর্থন নিয়ে গঠিত সরকার অদূর ভবিষ্যতে আরেকটি নির্বাচন দিতে বাধ্য হবে।
ফলাফল প্রহসন: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস টাইমস-এ সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম, ‘দুই নারীর লড়াইয়ে ভেস্তে গেছে ভোট, ফলাফলকে বলা হচ্ছে প্রহসন’। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে এর আগে সর্বশেষ এত কম ভোটারের অংশগ্রহণে যে নির্বাচন হয়েছিল, সেই সরকার ১২ দিনের বেশি ক্ষমতায় থাকতে পারেনি।