বাংলাদেশে বছরে গড়ে ৩৫টি ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বছরে গড়ে ৩৫টি করে ভূমিকম্প অনুভূত হয় বলে আজ রোববার সংসদে দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রীর উপস্থাপিত তথ্যে পাওয়া গেছে। সরকার দলের মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রীর উপস্থাপিত তথ্যে দেখা গেছে, গত ২০০১ সাল থেকে ২০১৭ পর্যন্ত ১৭ বছরে মোট ৫৯০টি ভূমিকম্প অনুভূত হয়েছে। বছরের গড় হিসাবে এটি ৩৪ দশমিক ৭১টি। তথ্যে দেখা গেছে, ওই ১৭ বছরের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়েছে ২০১১ সালে ওই বছর বাংলাদেশে ৮৪টি ভূমিকম্প হয়েছে। এরপরের বছর ২০১২ সালে হয় ৭৭টি ভূমিকম্প। এ সময়ে সবচেয়ে কম ভূমিকম্প হয়েছে ২০০৭ সালে। ওই বছর হয়েছে ১০টি ভূমিকম্প।
ঢাকা-১১ আসনের এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে দুর্যোগমন্ত্রী জানান, ঢাকা মহানগরীতে ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ ৩২২টি ভবন চিহ্নিত হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১২টি ও দক্ষিণ সিটি করপোরেশনে ১০৯টি।
আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম জানান, চলতি বছরের ২৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন দেশে চাকরির উদ্দেশে বিএমইটি থেকে বহির্গমন ছাড়পত্র নিয়ে যাওয়া কর্মীর সংখ্যা ১ কোটি ১১ লাখ ৩৪ হাজার ২১১ জন। এর মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি ৩২ লাখ ২১ হাজার ৯৭৫ জন কর্মী গিয়েছেন।