বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যায় যুক্তরাজ্যের উদ্বেগ
বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যার ঘটনাগুলো গভীর উদ্বেগের বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের প্রতিমন্ত্রী হুগো সোয়ার।
বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যার ঘটনায় ব্রিটিশ সরকারের ‘নীরবতা’ নিয়ে পার্লামেন্টে এক এমপির প্রশ্নে গত মঙ্গলবার দেওয়া লিখিত জবাবে হুগো সোয়ার ওই মন্তব্য করেন।
ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অব কমন্সের লেবার-দলীয় সদস্য ফ্যাবিয়ান হ্যামিলটন ৪ মে পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের কাছে প্রশ্ন করেন—বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যার ঘটনা বৃদ্ধি এবং এসব হত্যাকাণ্ডে সরকারি নীরবতার (অফিশিয়াল টলারেন্স) অভিযোগের বিষয়ে যুক্তরাজ্যের তরফ থেকে বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো আলাপ করা হয়েছে কি না।
গতকাল দেওয়া জবাবে হুগো সোয়ার বলেন, এসব ঘটনা যুক্তরাজ্য গভীরভাবে পর্যবেক্ষণ করে। এর পাশাপাশি বিশ্বাসযোগ্য অভিযোগগুলোর ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগের কথা তুলে ধরা হয়। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে যুক্তরাজ্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জানিয়ে ব্রিটিশ এই প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে যুক্তরাজ্য যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে মানবাধিকার নিয়ে উদ্বেগের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ প্রসঙ্গে গত বছরের জুন মাসে হাউস অব কমন্সে অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ বিষয়ে আলোচনার কথা উল্লেখ করে হুগো সোয়ার বলেন, ওই আলোচনায় তিনি স্বচ্ছ তদন্ত ও নিরপেক্ষ বিচারের মাধ্যমে অপরাধীদের সাজা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।