বাংলাদেশে বিনিয়োগে গ্রিসের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালির মিলানে গ্রিসের প্রধানমন্ত্রী অ্যান্টিনিও সি. সামারাসের সঙ্গে শেখ হাসিনার বৈঠক। ছবি: ফোকাস বাংলা
ইতালির মিলানে গ্রিসের প্রধানমন্ত্রী অ্যান্টিনিও সি. সামারাসের সঙ্গে শেখ হাসিনার বৈঠক। ছবি: ফোকাস বাংলা

বাংলাদেশের বিনিয়োগবান্ধব সুযোগ-সুবিধা গ্রহণ করে এখানকার বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য গ্রিসের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার ইতালির মিলানে গ্রিসের প্রধানমন্ত্রী অ্যান্টিনিও সি. সামারাসের সঙ্গে বৈঠকের সময় শেখ হাসিনা এই আহ্বান জানান।
গ্রিসের প্রধানমন্ত্রী গত ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। খবর বাসসের।
এশিয়া-ইউরোপ মিটিং বা আসেম সম্মেলনে যোগ দিতে গতকাল বুধবার মিলানে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিনের ওই সম্মেলন আজ শুরু হয়েছে।
সম্মেলনের ফাঁকে আজ গ্রিসের প্রধানমন্ত্রী সামারাসের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে পররাষ্ট্রসচিব এম শহীদুল হক সাংবাদিকদের জানান, বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির প্রশংসা করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী।
পররাষ্ট্রসচিব বলেন, দুই নেতা খুবই উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন। শেখ হাসিনা দুই দেশের পারস্পরিক স্বার্থে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, তাঁর সরকারের বাস্তব পদক্ষেপের কারণে কয়েক বছর ধরে বার্ষিক প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরে বজায় রয়েছে। এ ছাড়া, গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে আরও পদ‌েক্ষপ নেওয়ার জন্য সামারাসের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের কঠোর অবস্থানের প্রশংসা করেন সামারাস। এ ক্ষেত্রে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে দুই দেশ একযোগে
কাজ করে যাবে বলে মত প্রকাশ করেন দুই প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা গ্রিসের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করে সামারাস শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং তাঁকেও গ্রিস সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।