বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে শিল্পনির্ভর মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত আয়ের দেশ হওয়ার পথে সহায়তা করতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে। খবর ইউএনবির।
গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কের হোটেল গ্র্যান্ড হায়াতে আমেরিকান চেম্বার ও আমেরিকান বিজনেস কাউন্সিলের মধ্যাহ্নভোজে দেওয়া এক বক্তব্যে এ আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগসহায়ক নীতির সুবিধা নিতে পারেন। তিনি বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ সহজ করতে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সামনে তুলে ধরেন।
বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎ খাত ছাড়াও আরও বেশ কিছু খাতে বিনিয়োগের সম্ভাবনা তৈরি হচ্ছে জানিয়ে তিনি এসব খাতে আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ৩৩ কোটি ১০ লাখ ডলারে পৌঁছালেও সক্ষমতার তুলনায় তা অনেক কম।
বিদেশি বিনিয়োগ আকর্ষণে সহজ কর অবকাশ সুবিধা, কম শুল্কে যন্ত্রপাতি আমদানি, বিদেশি বিনিয়োগকারীদের জন্য শতভাগ সমান সুবিধা, মুনাফা নিজ দেশে নেওয়াসহ নানা সুবিধা দেওয়া হচ্ছে বলে জানান শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশে সাতটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগকারীরা জমি নিয়ে শ্রমঘন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারবেন। এ ক্ষেত্রে বাংলাদেশের আট কোটি তরুণ জনশক্তি ও ১৬ কোটি ক্রেতার বিশাল বাজার বিনিয়োগকারীদের সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, সরকার বিদ্যুৎ-জ্বালানি ছাড়াও জাহাজনির্মাণ শিল্প, সার, অটোমোবাইল ও লাইট, কৃষি প্রক্রিয়াকরণ, ওষুধ, সিরামিক, প্লাস্টিক, পাটপণ্য, তথ্যপ্রযুক্তি, সমুদ্রসম্পদ আহরণ, পর্যটন, চিকিৎসা সরঞ্জাম ও টেলিযোগাযোগ খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়াতে আগ্রহী।
‘সমরাস্ত্র নির্মাণের অর্থ শিক্ষায় বিনিয়োগ করুন’
বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমরাস্ত্র নির্মাণে যে শত শত কোটি ডলার ব্যয় হচ্ছে, তা গুণগত শিক্ষায় বিনিয়োগের জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আসুন, শান্তি ও সহিংসতামুক্ত সংস্কৃতি গড়তে আমরা সবাই মিলে গুণগত শিক্ষায় বিনিয়োগ করি।’
গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ট্রাস্টিশিপ কাউন্সিলে জাতিসংঘ মহাসচিবের গ্লোবাল এডুকেশন ফার্স্ট ইনিশিয়েটিভ (জিইএফআই) শীর্ষক উচ্চপর্যায়ের এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গুণগত শিক্ষার বিকাশে সম্পদ আহরণের জন্য জিইএফআইকে অবশ্যই বৈশ্বিক অংশীদারত্ব ও ঐকমত্য গড়ে তুলতে হবে বলে জানান শেখ হাসিনা।
ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় লাখ লাখ শিশু স্কুলে যেতে পারছে না। বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করে তিউনিশিয়ার প্রেসিডেন্ট মনসেপ মারজুকির ওই বক্তব্যের সমর্থনে প্রধানমন্ত্রী বলেন, গাজা পরিস্থিতি গ্রহণযোগ্য হতে পারে না। গাজায় সংঘটিত ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাৎ: একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিউইয়র্কে তাঁর হোটেল স্যুটে সৌজন্য সাক্ষাৎ করেন কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা। এ সময় তিনি জানান, কন্যাশিশু ও নারী শিক্ষার বিকাশে নতুন কর্মসূচি হাতে নেবে কমনওয়েলথ।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের জানান, কমলেশ শর্মা কমনওয়েলথের নীতি ও কর্মসূচি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় নারী শিক্ষার উন্নয়নে বাংলাদেশ সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার মেয়েদের শিক্ষা উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত অবৈতনিক করেছে।