বাংলাদেশে বিনিয়োগ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঙ্গাপুরের সেন্ট রেজিস হোটেলে তৃতীয়বারের মতো আয়োজিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন, এশিয়ায়’—বিনিয়োগের সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরছেন (বাঁ থেকে) দি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক তানভীর আলী, গ্রুপফোরএস সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক সেলিম চৌধুরী, আমরা কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবরার এ আনোয়ার l ছবি: সিটি ব্যাংকের সৌজন্যে
সিঙ্গাপুরের সেন্ট রেজিস হোটেলে তৃতীয়বারের মতো আয়োজিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন, এশিয়ায়’—বিনিয়োগের সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরছেন (বাঁ থেকে) দি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক তানভীর আলী, গ্রুপফোরএস সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক সেলিম চৌধুরী, আমরা কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবরার এ আনোয়ার l ছবি: সিটি ব্যাংকের সৌজন্যে

বাংলাদেশে টায়ার, লুব্রিকেন্ট, আইটি সলিউশন, পানি বিশুদ্ধকরণ খাতে বিনিয়োগ আছে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান ইজি করপোরেশনের। সংস্থাটি এখন বাংলাদেশের বিদ্যুৎ খাতেও বিনিয়োগ করতে আগ্রহী।
সে কারণেই ইজি করপোরেশনের গ্রুপ চেয়ারম্যান এমিলি চাই যখনই বাংলাদেশের বিদ্যুৎ খাত নিয়ে আলোচনা হচ্ছিল, তখনই খুব মনোযোগের সঙ্গে তা শুনছিলেন এবং নোট নিচ্ছিলেন। বসে ছিলেন এই প্রতিবেদকের পাশের আসনেই।
বিদ্যুৎ খাতে এত মনোযোগের কারণ জানতে চাইলে এমিলি চাই প্রথম আলোকে বলেন, ‘তোমাদের দেশে তো এখনো বিদ্যুতের সংকট আছে। এটা আমাদের আগ্রহ তৈরি করেছে। আমরা বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগ করতে চাই।’
সিঙ্গাপুরে গতকাল অনুষ্ঠিত ‘তৃতীয় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন, এশিয়া’য় কথা হয় এমিলি চাইয়ের সঙ্গে।
দিনভর অনুষ্ঠিত ওই সম্মেলনে বিনিয়োগকারীদের উদ্দেশে ঘুরেফিরে একটি কথাই বারবার এসেছে, আর তা হলো, এখন আর আগের বাংলাদেশ নেই। বাংলাদেশ এখন বিনিয়োগকারীদের জন্য সম্ভাবনাময় গন্তব্য। তাই সেখানে বিনিয়োগ করুন।
শুরুটা করেছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। সম্মেলনের শুরুর দিকে তিনি বলেন, ‘বাংলাদেশকে এখন আর কেউ তলাবিহীন ঝুড়ি বলে না। আন্তর্জাতিক মিডিয়ার কাছে বাংলাদেশ এখন মিরাকল।’ এসব উল্লেখ করে তিনি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
বিনিয়োগকারীদের উদ্দেশে গওহর রিজভী আরও বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগ পুরোপুরি নিরাপদ। আয় করে নিজের দেশে নিয়ে যাওয়ার প্রক্রিয়াও সহজ। এসবই তো খোঁজেন বিনিয়োগকারীরা। এসব সুবিধাই বাংলাদেশে আছে।’
কিন্তু এমনি এমনি তো বিদেশিরা বিনিয়োগ করবে না। এ ক্ষেত্রে সরকার কী করছে—দুপুরে খাওয়ার পরপরই আলাপকালে এ প্রসঙ্গে গওহর রিজভী প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে আমরা দুটি কৌশল নিয়েছি। প্রথমত, আমরা বাংলাদেশকে বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় করে গড়ে তুলছি, যেন বিনিয়োগকারীরা নিজে থেকেই এখানে বিনিয়োগে এগিয়ে আসে। দ্বিতীয়ত, আমরা বিনিয়োগ আনার জন্য প্রয়োজনীয় সবকিছুই করছি। যেমন বিদ্যুতে এখন আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণ। আমরা অবকাঠামোতে জোর দিয়েছি। ছোট সড়কগুলো এখন বড় হয়ে যাচ্ছে। পদ্মা সেতু হচ্ছে। গ্যাস-বিদ্যুৎ সংযোগ আগের চেয়ে সহজ করা হয়েছে।’
বাংলাদেশকে নিয়ে এই বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে অর্থনৈতিক সাময়িকী ফিন্যান্স এশিয়া। এতে সহায়তা করেছে এশিয়ান ইনভেস্টর। সম্মেলনে মূল পৃষ্ঠপোষক হিসেবে থাকছে বাংলাদেশের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও দি সিটি ব্যাংক লিমিটেড।
সিঙ্গাপুরের সেন্ট রেজিস হোটেলে স্থানীয় সময় সকাল পৌনে নয়টায় সম্মেলনটি শুরু হয়। শুরুতেই স্বাগত বক্তব্য দেন সম্মেলনের চেয়ারম্যান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবরার আনোয়ার। প্রারম্ভিক বক্তব্য দেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সোহেল আর কে হুসেইন।
আবরার আনোয়ার বলেন, আগামী পাঁচ-সাত বছরে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২৫-৩০ বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রয়োজন হবে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য এটি একটি ভালো সুযোগ। তিনি বাংলাদেশে ওষুধ এবং তৈরি পোশাক খাতেও বিনিয়োগের আহ্বান জানান।
সোহেল আর কে হুসেইন সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা কী, তার একটি সার্বিক চিত্র বিনিয়োগকারীদের কাছে তুলে ধরেন।
অনুষ্ঠানে একটি প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল। তিনি বলেন, ‘অনেকেই বলে থাকেন যে আমরা ৬ শতাংশ প্রবৃদ্ধির ঘরে আটকে গেছি। কিন্তু আপনারা যদি দেখেন, তাহলে দেখতে পাবেন, প্রতি দশকেই আমাদের ভালো প্রবৃদ্ধি হয়েছে।’
সম্মেলনের একটি প্যানেল আলোচনার সঞ্চালক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ‘সবাই বলে, অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশের রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজন। আমাদের সেটা নেই। কিন্তু তাতে কী হয়েছে? আমরা কি কখনো সার্বভৌম ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়েছি? আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর কাছ থেকে পাওয়া ঋণ কি ঠিকমতো শোধ করতে পারিনি? আমাদের প্রবৃদ্ধি কি কখনো থেমে গেছে? বিদেশি বিনিয়োগকারীরা কি ক্ষতিগ্রস্ত হয়েছেন?’
বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, গত ছয় বছরে বাংলাদেশের জিডিপি দ্বিগুণ হয়েছে। বিশ্বের আর কয়টি দেশ এ রকম করতে পেরেছে?
অনুষ্ঠানে একটি প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ফারুক সোবাহান। তিনি বলেন, ‘ওষুধশিল্পে বাংলাদেশ এখন বেশ ভালো করছে। ৭০টির বেশি দেশে ওষুধ রপ্তানি হচ্ছে। আফ্রিকার বিরাট বাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত। বাংলাদেশে বিনিয়োগ করলে আপনারাও সে সুযোগ পাবেন।’ বিনিয়োগকারীদের জন্য পাদুকা, হালকা ও ভারী যান প্রস্তুত, জাহাজনির্মাণ, তথ্যপ্রযুক্তি খাতকে সম্ভাবনাময় হিসেবে তুলে ধরেন তিনি।
বিনিয়োগের জন্য বাংলাদেশকে খুবই ভালো বাজার হিসেবে তুলে ধরেন ভারতের ওশ্যান গ্রুপের সহপ্রতিষ্ঠাতা প্রদীপ্ত কুমার বিশ্বাস। তবে তিনি এও বলেন, ‘যদিও কাগজ-কলমে বলা হয়, বাংলাদেশ থেকে আয় নিজ দেশে নিয়ে যাওয়া খুবই সহজ। কিন্তু বাস্তবে এ বিষয়ে বেশ সমস্যায় পড়তে হয়।’
দিনব্যাপী এই সম্মেলনে বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মণ্ডল ও বাংলাদেশের সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আফসর এইচ উদ্দিন নিবন্ধ উপস্থাপন করেন।
জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে বলেন জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের বিদ্যুৎ সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন ও এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি হুমায়ূন রশীদ।
পোশাক খাত নিয়ে বলেন এল’ইউ জিন গ্রুপের পরিচালক শ্যামল রায়, কথা বলেন টেলিনরের প্রকল্প ও করপোরেট ফাইন্যান্স-বিষয়ক পরিচালক পল স্টেটে।
এ ছাড়া তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন বেসিসের সভাপতি শামীম আহসান, মাইক্রোসফটের কান্ট্রি ডিরেক্টর সোনিয়া বশীর কবির ও আমরা টেকনোলজিসের সিইও সৈয়দ ফরহাদ আহমেদ।
বাংলাদেশের বাইরে সিঙ্গাপুরসহ ১০টি দেশের ব্যবসায়ী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের ৫০ জনের বেশি প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। আর সব মিলিয়ে সম্মেলনে অংশ নিয়েছেন তিন শতাধিক লোক।