উভয় দেশের স্বার্থে বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষত দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে তিনি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান।
শেখ হাসিনার সঙ্গে গতকাল সোমবার বিকেলে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক বিভাগের (ডিএফআইডি) প্রতিমন্ত্রী রোরি স্টুয়ার্ট। এ সময় ওই আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি জানান, ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, শিল্পায়নের প্রসার ও কর্মসংস্থান সৃষ্টির জন্য সারা দেশে এক শটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। ব্রিটিশ উদ্যোক্তারা বড় ধরনের বিনিয়োগে এগিয়ে এসে এর সুযোগ নিতে পারেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাঁর সরকার দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার মাধ্যমে স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার সরকারের পদক্ষেপের তথ্যও তুলে ধরেন তিনি।
যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন খাতে ডিএফআইডির প্রদেয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন বৈঠকে। স্টুয়ার্ট বলেন, বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে তাঁর দেশ আগ্রহী। বাংলাদেশের চমকপ্রদ সাফল্য, বিশেষ করে স্বাস্থ্য খাতের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন তিনি।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক-বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম ও বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক এ সময় উপস্থিত ছিলেন।
ইউএনবি জানায়,গতকাল মিরপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ে ‘ইউকে এইড’ পরিচালিত ‘ইংলিশ ইন অ্যাকশন’ প্রকল্প পরিদর্শন করেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী স্টুয়ার্ট বলেন, গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ প্রকল্প বাধাগ্রস্ত হবে না।
স্টুয়ার্ট বলেন, তাঁরা বিশ্বাস করেন, বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ উজ্জ্বল। অর্থনীতির ভিতও শক্ত হচ্ছে। স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার দারুণ উন্নতি ঘটছে। এই উন্নয়নের পথে যুক্তরাজ্য সহযোগিতা করে যেতে চায়। ফলে এ দেশে ব্রিটিশ বিনিয়োগ প্রকল্পগুলোতে কোনো পরিবর্তন আনা হবে না।
এর আগে যুক্তরাজ্যের এই প্রতিমন্ত্রী মিরপুরের রূপনগরে একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেন। সেখানে নিরাপত্তাব্যবস্থা ও কারখানার মান ঘুরে দেখেন তিনি। ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক এ সময় উপস্থিত ছিলেন।
রোরি স্টুয়ার্ট গত শনিবার রাতে ঢাকায় এসেছেন।