বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী থাইল্যান্ড
বাংলাদেশে অটোমোবাইল পার্টস, বিদ্যুৎ প্ল্যান্টসহ বেশ কিছু খাতে বিনিয়োগ করতে চায় থাইল্যান্ড। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম চেম্বারে নেতাদের সঙ্গে মতবিনিময়কালে থাইল্যান্ড বিনিয়োগ বোর্ডের ডেপুটি সেক্রেটারি জেনারেল চৌকিদি কাওয়াসাং এ কথা জানান। আগ্রাবাদে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এ সভা হয়।
মতবিনিময় সভায় থাইল্যান্ডের ১৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চৌকিদি কাওয়াসাং। সভায় চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, গত বছর থাইল্যান্ড থেকে ৭৪১ মিলিয়ন ডলারের আমদানির বিপরীতে রপ্তানি হয়েছে মাত্র ৩৯ দশমিক ৬২ মিলিয়ন ডলার। চট্টগ্রামে নির্মাণাধীন বিশেষ অর্থনৈতিক অঞ্চলে থাইল্যান্ডের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় বন্দরের পর্ষদ সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম, থাই-বাংলাদেশ বিজনেস কাউন্সিলর সভাপতি মিংপ্যান্ট ছায়া, অনারারি কনসাল আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, চেম্বার সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ প্রমুখ বক্তব্য রাখেন।