জ্বালানি, জাহাজ নির্মাণ, আইসিটিসহ বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে ডেনমার্কের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল রোববার বিকেলে বঙ্গভবনে ডেনমার্কের রাষ্ট্রদূত হান ফুগল এসকজায়ের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ কথা জানান।
বাংলাদেশে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করায় ড্যানিশ রাষ্ট্রদূতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, তাঁর (রাষ্ট্রদূত) মেয়াদকালে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে লক্ষণীয়ভাবে। ২০১৫ সালের জুন থেকে কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাস চালু হওয়ার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত হান ফুগল এসকজায়ের বলেন, দুটি দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এই দূতাবাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ড্যানিশ রাষ্ট্রদূত জলবায়ু পরিবর্তনের বিষয়ে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। তিনি বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।