ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গতকাল শুক্রবার শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে। এতে যোগ দিয়ে বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু দেশ-বিদেশের শিল্পপতিদের কাছে বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানান।
কলকাতার মিলনমেলা ময়দানে সকালে প্রদীপ জ্বালিয়ে সম্মেলন উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তিনি পশ্চিমবঙ্গকে শিল্পে সমৃদ্ধ করে তোলার আহ্বান জানিয়ে বলেন, বাংলায় শিল্পবান্ধব শিল্পনীতি তৈরি হয়েছে। এতে করে রাজ্যে শিল্পের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, যা বিনিয়োগের উপযুক্ত কাঠামো তৈরি করেছে।
সম্মেলনে বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বাংলাদেশ এখন শিল্পক্ষেত্রে দ্রুত এগোচ্ছে। সেখানে শিল্পায়নের জমি, বিদ্যুৎ, সস্তা শ্রম এবং উপযুক্ত পরিকাঠামো আছে। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে। তিনি বাংলাদেশে আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানান।
শিল্পমন্ত্রী বলেন, ‘আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক অর্থনৈতিক আদান-প্রদানের মাধ্যমে শিল্পে সমৃদ্ধি আনতে পারব। আমাদের উন্নয়ন ত্বরান্বিত করতে পারব।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গ হলো বাংলাদেশ, নেপাল এবং ভুটানের প্রবেশদ্বার। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ারও প্রবেশদ্বার। এখানে কৃষি এবং শিল্পক্ষেত্রে বৃদ্ধির হার গোটা ভারতের চেয়ে বেশি। শিল্প গড়ার অনুকূল পরিবেশ আছে। তিনি পশ্চিমবঙ্গের শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে উদ্যোক্তাদের সহযোগিতার আশ্বাস দেন।
সম্মেলনে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ভারতসহ পৃথিবীর ২৯টি দেশের প্রায় দুই হাজার শিল্পপতি যোগ দেন এ সম্মেলনে। বাংলাদেশ থেকে যোগ দিয়েছে ৫৭ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদল। এ দলের নেতৃত্ব দিচ্ছেন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল মাতলুব আহমাদ।