প্রবৃদ্ধির ধারাবাহিকতা, স্থিতিশীল ক্রেডিট রেটিং এবং প্রতিযোগিতামূলক শ্রমবাজারের কারণে বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা দেখছে যুক্তরাজ্য। বাংলাদেশে তথ্যপ্রযুক্তি, জ্বালানি, জলবায়ু পরিবর্তন রোধ কার্যক্রম, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা খাতের ভবিষ্যৎ চাহিদার কথা বিবেচনায় নিয়ে এগুলোকে বিনিয়োগের সম্ভাবনাময় খাত হিসেবে চিহ্নিত করেছে দেশটি। তবে তারা বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে দুর্নীতিকে বড় বাধা বলে মনে করে।
‘ডুয়িং বিজনেস ইন বাংলাদেশ: বাংলাদেশ ট্রেড অ্যান্ড এক্সপোর্ট’ শীর্ষক যুক্তরাজ্য সরকারের এক প্রতিবেদনে এভাবেই তুলে ধরা হয়েছে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ও ঝুঁকি। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সম্পর্কে ব্রিটিশ বিনিয়োগকারীদের ধারণা ও পরামর্শ দিতে তৈরি করা এই প্রতিবেদনটি গত বৃহস্পতিবার দেশটির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়।
এ প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, কিছু বিচ্ছিন্ন সীমাবদ্ধতা থাকলেও বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিস্থিতি রয়েছে। মাঝেমধ্যে কিছু রাজনৈতিক অস্থিরতা হলেও সেটি কাটিয়ে ওঠা যাচ্ছে। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রেমিট্যান্স প্রবাহ ভালো। বিদেশি বা বড় বিনিয়োগে আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতির অভিযোগ ততটা প্রকট নয়। তাঁর মতে, দেশে এখন সড়ক, রেল ও বন্দরের দক্ষতা বৃদ্ধির জন্য বড় ধরনের বিনিয়োগ দরকার। পশ্চিমা দেশগুলোর বিনিয়োগ প্রযুক্তিনির্ভর। এত দিন সেটা হয়নি বলেই ছোটখাটো বিনিয়োগ হয়েছে। এখন বড় বিনিয়োগের মতো রাজনৈতিক স্থিতিশীলতা ও সরকারের আন্তরিকতা আছে।
যুক্তরাজ্য সরকারের প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ কোম্পানিগুলোর জন্য বড় ধরনের একটি চ্যালেঞ্জ হলো বাংলাদেশে ‘স্পিড মানি’ (অনানুষ্ঠানিক অর্থ প্রদান বা ঘুষ) এড়িয়ে ব্যবসা করা। দুর্নীতিকে নিত্যদিনের সমস্যা হিসেবে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, রাজনীতিবিদ, আমলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায়ই ক্ষমতার বিবেচনামূলক ব্যবহার করে থাকে, যেখানে ক্ষমতার অপব্যবহারের ঘটনাও রয়েছে। আছে স্বচ্ছতার অভাব এবং আমলাতন্ত্রের বাড়াবাড়ি। ব্রিটিশ কোম্পানিগুলোর জন্য যেকোনো অবস্থায় ঘুষ লেনদেন যুক্তরাজ্যের আইনে অপরাধ—এ বিষয়টিও স্মরণ করিয়ে দেওয়া হয় প্রতিবেদনে।
এ ছাড়া চ্যালেঞ্জের তালিকায় বাংলাদেশের বাজারকে মূল্য সংবেদনশীল উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, চীন ও ভারত থেকে আসা স্বল্পমূল্যের পণ্য অনেক সময় বাজারে প্রভাব বিস্তার করে। তবে পণ্যের গুণগত মান, স্থানীয় মানুষের জীবনযাত্রার ব্যয়, প্রশিক্ষণ এবং বিক্রয়োত্তর সেবার বিষয়গুলো বিবেচনায় নিয়ে ব্রিটিশ কোম্পানিগুলোকে ব্যবসার পরামর্শ দেওয়া হয়।
বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে ইংরেজি ভাষার প্রচলন, মাত্র ১১ দিনে ব্যবসা শুরু করার সুযোগ এবং ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পরিকল্পনাকে বিনিয়োগের জন্য ইতিবাচক হিসেবে উপস্থাপন করা হয়েছে প্রতিবেদনে। বলা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বর্তমানের ১০ হাজার মেগাওয়াট থেকে ২০১৬ সালের মধ্যে ১২ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি চাহিদা বৃদ্ধির পাশাপাশি টেলিফোন, ব্যাংক এবং পোশাক খাতে দ্রুত অভ্যন্তরীণ¯চাহিদা বাড়ছে। ২০১৩ সালে স্বাস্থ্যসেবা খাতের আকার বেড়েছে ২৪ দশমিক ৩ শতাংশ। এই খাতের অনেক কোম্পানি বিদেশি অংশীদার খুঁজছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন রোধে বাংলাদেশ সরকারের নেওয়া পরিকল্পনায় পাঁচটি খাতে ৪৪ ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। উল্লিখিত খাতগুলোতে ব্রিটিশ কোম্পানিগুলো পরামর্শ সেবা প্রদান, যন্ত্রপাতি সরবরাহ কিংবা সরাসরি বিনিয়োগ করতে পারে বলে প্রতিবেদনে বলা হয়।
প্রতিবেদনে বলা হয়, শিক্ষা খাতে বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রবেশ উন্মুক্ত করার কারণে যুক্তরাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বাংলাদেশে শাখা খোলার পাশাপাশি বিভিন্ন কারিগরি ও প্রশিক্ষণমূলক কোর্স চালু করতে পারে।
আর সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করা হয়েছে পোশাক খাতকে। বলা হয়, ২৫ বিলিয়ন ডলার মূল্যের এই পোশাক খাত ইউরোপীয় ইউনিয়নে তৃতীয় এবং যুক্তরাষ্ট্রে চতুর্থ বৃহত্তম রপ্তানিকারক।
প্রতিবেদনে বলা হয়, ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত পাঁচ বছর সময়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় বাণিজ্য ১১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৩ সালে যুক্তরাজ্য বাংলাদেশে মোট ৪৫০ মিলিয়ন পাউন্ডের পণ্য ও সেবা রপ্তানি করে। এর ৭১ শতাংশই ছিল সেবা রপ্তানি।