বাংলাদেশে বিনিয়োগ ও পণ্য আমদানি বাড়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ কোরিয়ার উদ্যোক্তাদের প্রতি দুই দেশের অর্থনৈতিক স্বার্থে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ ও বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। দক্ষিণ কোরীয় দূত তাইয়াং চো গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ বলেন, বৈঠকে উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠককালে তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন কোরিয়া সফর সম্পর্কেও কথা বলেন। এ মাসের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রীর কোরিয়া সফরের কথা রয়েছে।শেখ হাসিনা দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, কোরিয়ার সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে।এ প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অন্যান্য আন্তর্জাতিক ভাষার সঙ্গে কোরীয় ভাষাও সংরক্ষিত থাকবে।রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বিরাজমান বন্ধুপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন যে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারণের মাধ্যমে ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।