বাংলাদেশে বিনিয়োগে আমিরাতের উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের উদ্যোক্তাদের প্রতি বাংলাদেশে গ্যাস অনুসন্ধান, বিদ্যুৎ উৎপাদন ও অবকাঠামো নির্মাণের মতো সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার আবুধাবির হোটেল রোটানা বিচে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক বণিক ও শিল্প মালিক সমিতির (ইউএইএফসিসিআই) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ ও ইউএইএফসিসিআইয়ের মহাসচিব আবদুল্লাহ সুলতান নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। খবর বাসসের।শেখ হাসিনা বলেন, সরকার বিভিন্ন প্রণোদনার ব্যবস্থা করায় স্থানীয় ও বিদেশি উভয় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ গ্রহণ করতে পারেন। তিনি বলেন, সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য ‘কর অবকাশ’ ঘোষণা করেছে। অপরদিকে এ অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে শ্রমমূল্য খুবই কম।প্রধানমন্ত্রী বলেন, ১৬ কোটি লোকের দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার বিশাল, যা বিদেশি বিনিয়োগকারীদের সহজেই আকৃষ্ট করতে পারে। তিনি বলেন, বিনিয়োগকারীরা যাতে বাংলাদেশে ব্যাপক হারে বিনিয়োগ করতে পারেন, সে জন্য তাঁর সরকার সব ধরনের সহযোগিতা দেবে।বান কি মুনের সাক্ষাৎজাতিসংঘের মহাসচিব বান কি মুন গতকাল এমিরেটস হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সাক্ষাৎকালে জাতিসংঘ মহাসচিব সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জন, জলবায়ু পরিবর্তন ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাদের অংশ নেওয়ারও প্রশংসা করেন।প্রধানমন্ত্রীর অনুরোধের জবাবে জাতিসংঘ মহাসচিব জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকসংখ্যক বাংলাদেশি সেনা নেওয়ার ব্যাপারে তাঁর আগ্রহ প্রকাশ করেন।জাতিসংঘের মহাসচিব ছাড়াও শেখ হাসিনা গতকাল সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে যুবরাজ বলেন, তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য প্রসার ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী এবং বাংলাদেশে গ্যাস উত্তোলনের ব্যাপারে খুব শিগগিরই একটি প্রতিনিধিদল পাঠাবে। পরে প্রধানমন্ত্রী সন্ধ্যায় বাংলাদেশ কমিউনিটি স্কুল অডিটরিয়ামে প্রবাসী নাগরিকদের দেওয়া এক সংবর্ধনায় যোগ দেন।