প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশের সুযোগ নিয়ে আরও বেশি বিনিয়োগের জন্য ড্যানিশ উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।ডেনমার্কের প্রবীণ শিল্পপতি ও অন্যতম শীর্ষ উদ্যোক্তা ড. হালডর টপসো গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, সরকার বেশ কিছু আকর্ষণীয় সুযোগ-সুবিধা দেওয়ার মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। এই সুযোগ-সুবিধা গ্রহণের মাধ্যমে ড্যানিশ উদ্যোক্তারা বাংলাদেশে ব্যাপক আকারে বিনিয়োগে এগিয়ে আসতে পারেন।৯৮ বছর বয়সী ড. টপসো তাঁর দেশের অন্যতম প্রধান উদ্যোক্তা। তাঁর পরিবারের মালিকানাধীন ‘হালডর টপসো’ ডেনমার্কের অন্যতম অগ্রণী কোম্পানি। এই কোম্পানিটি বাংলাদেশে অন্যতম শীর্ষ বিদেশি বিনিয়োগকারী। তারা চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) যৌথ বিনিয়োগকারী।শেখ হাসিনা আইসিটি, জ্বালানি, বিদ্যুৎ উৎপাদন, অবকাঠামো উন্নয়ন, কৃষি-শিল্প, হিমায়িত খাদ্য, বস্ত্র, হস্তশিল্প, চামড়া ও চামড়াজাত পণ্য এবং পর্যটন খাতে ডেনমার্ক থেকে আরও বিনিয়োগের আহ্বান জানান।নরডিক চেম্বারের সংবর্ধনা: হালডর টপসোকে গতকাল বিকেলে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশের নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই)। বনানীতে মার্সেক বাংলাদেশ কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে টপসোকে নরডিক চেম্বারের সম্মানসূচক সদস্যপদ দেওয়ার ঘোষণা দেন চেম্বারের সভাপতি এরিল্ড ক্লোকেরাহগ। চেম্বারের পক্ষ থেকে এই প্রথম কাউকে সম্মানসূচক সদস্যপদ দেওয়া হলো।অনুষ্ঠানে টপসো বলেন, নানা সমস্যার পরও বাংলাদেশের অগ্রগতি উল্লেখ করার মতো। বাংলাদেশে ভবিষ্যতে আরও বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দেন তিনি। টপসো বলেন, শিক্ষাই একটি দেশকে এগিয়ে নেয় এবং আজকের শিশুদের শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলতে হবে। অনুষ্ঠানে ড্যানিশ রাষ্ট্রদূত, এনসিসিআইয়ের সভাপতি, সহসভাপতিসহ নরডিক দেশগুলোর কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।